• ঢাকা
  • মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৮ মে, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৮ মে, ২০২৬

কোম্পানীগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জ উপজেলায় তরুণ প্রজন্মের মাঝে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে উপজেলা মিলনায়তনে কোম্পানীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) ও দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত নোয়াখালী জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

যুক্তি-তর্কের চমত্কার এই প্রতিযোগিতায় আবদুল হালিম করোনেশন সরকারি উচ্চ বিদ্যালয়কে হারিয়ে মাকসুদাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার্সআপ দল হিসেবে ট্রফি লাভ করে আবদুল হালিম করোনেশন সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

কোম্পানীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর আবুল বাসারের সভাপতিত্বে এবং কমিটির সদস্য জীবন সুলতানার প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ দিদার হোসেন, একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ বেলায়েত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমির হোসেন বিএসসি এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন শাহীন।

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান, সাংবাদিক শরফুদ্দিন শাহীন ও দুপ্রক সদস্য নুর নবী আহমেদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, “দুর্নীতিমুক্ত সমাজ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় বলীয়ান হতে হবে। এই ধরণের বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাঝে সততা ও দেশপ্রেম জাগ্রত করতে অনন্য ভূমিকা পালন করবে।”

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্সআপ দলের বিতার্কিকদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর