• ঢাকা
  • বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৯ মে, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৯ মে, ২০২৬

মাইজদীতে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

নুশরাত রুমু, সদর প্রতিনিধি :
মাইজদীতে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬-এর উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আয়োজিত এ মেলার উদ্বোধন করা হয়। ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প যৌথভাবে এ মেলার আয়োজন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মাহাবুব আলমগীর আলো, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ইয়াছিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোমায়রা ইসলামসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ মেলার মূল লক্ষ্য ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং সাধারণ মানুষকে অনলাইনে নামজারি ও ভূমি উন্নয়ন কর পরিশোধে উৎসাহিত করা।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও ডিজিটালাইজড ভূমি সেবা পৌঁছে দিতে এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভূমিসেবা মেলার আয়োজন করা হয়েছে। তিনি বলেন, ভূমি ব্যবস্থাপনায় অটোমেশন, অনলাইনে ফি পরিশোধ, ই-রেজিস্ট্রেশন, ডিজিটাল রেকর্ড, স্মার্ট ভূমি নকশা ও ভূমিসেবা সহায়তা কেন্দ্র চালুসহ বিভিন্ন সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার।

তিনি আরও জানান, মেলা চলাকালে সেবাপ্রত্যাশীরা সরাসরি ই-নামজারি আবেদন, অনলাইন ভূমি উন্নয়ন কর পরিশোধ এবং ডিজিটাল ভূমিসেবা সংক্রান্ত বিভিন্ন তথ্য ও সেবা গ্রহণ করতে পারবেন। এসময় ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ হিসেবে পাঁচজন ভূমির মালিকের মাঝে ৩০ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

মেলা প্রাঙ্গণে হেল্পডেস্ক ও বিভিন্ন স্টল স্থাপন করা হয়েছে। এসব স্টল থেকে ভূমি পোর্টালে নিবন্ধন, প্রয়োজনীয় কাগজপত্রের সার্টিফাইড কপি সরবরাহসহ বিভিন্ন সেবা দেওয়া হচ্ছে। ভূমি সংক্রান্ত সেবা সহজে গ্রহণ এবং নাগরিক হয়রানি কমাতে সর্বসাধারণকে মেলায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন। তিন দিনব্যাপী এ মেলা আগামী ২১ মে পর্যন্ত চলবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর