
নুশরাত রুমু, সদর : নোয়াখালী সরকারি কলেজে প্রথমবারের মতো শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রবন্ধ উপস্থাপনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে “অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত রাজনৈতিক স্থিতিশীলতা: প্রেক্ষিত বাংলাদেশ” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করা হয়।
সোমবার (১৮ মে ২০২৬) সকালে কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রবন্ধ উপস্থাপনায় নেতৃত্ব দেন অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. ইমরুল কায়েস। তাঁর সঙ্গে দলের সদস্য ছিলেন মারজান জোয়ানা ও নিবেদিতা শূর। প্রবন্ধটি উপস্থাপন করেন মো. ইমরুল কায়েস।
অনুষ্ঠানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. আজিজুল মাওলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর মো. মনিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এ. বি. এম. ছানা উল্যা এবং শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আফছার উদ্দিন। এছাড়াও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং কলেজের বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মো. মনিরুল ইসলাম রাষ্ট্রবিজ্ঞান বিভাগকে এমন সমসাময়িক ও শিক্ষাসহায়ক আয়োজনের জন্য ধন্যবাদ জানান। তিনি ভবিষ্যতেও এ ধরনের জ্ঞানভিত্তিক ও গবেষণামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের প্রবন্ধ উপস্থাপনার এই নতুন ধারা নোয়াখালী সরকারি কলেজে শিক্ষাবান্ধব পরিবেশ ও গবেষণামুখী চর্চা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন :