• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২০ মে, ২০২৬
সর্বশেষ আপডেট : ২০ মে, ২০২৬

মাইজদী হাসপাতাল সড়কে ভোজন বিলাস রেস্তোরাঁ সিলগালা, জরিমানা ৪০ হাজার

নুশরাত রুমু, সদর : মাইজদীর হাসপাতাল সড়কে অবৈধভাবে সিএনজি গ্যাস ব্যবহার করে রান্না করার অভিযোগে ‘নিউ ভোজন বিলাস’ নামের একটি রেস্তোরাঁকে ভ্রাম্যমাণ আদালত ৪০ হাজার টাকা জরিমানা করেছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয় এবং গ্যাস পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে।

সোমবার (১৮ মে) রাত ১১টার দিকে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তানভীর। অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, একটি পিকআপে করে সিএনজি ফিলিং স্টেশন থেকে গ্যাস এনে পাইপলাইনের মাধ্যমে রেস্তোরাঁর রান্নাঘরে ব্যবহার করা হচ্ছিল। এভাবে গ্যাস ব্যবহার অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত রেস্তোরাঁ মালিককে জরিমানা করেন এবং প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে সিলগালা করা হয়। একই সঙ্গে গ্যাস পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়। অভিযানে সুধারাম মডেল থানা পুলিশ সহযোগিতা করে।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তানভীর বলেন, জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ ও অবৈধভাবে সিএনজি গ্যাস ব্যবহার গুরুতর অপরাধ। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর