
তারিক আজিজ, রিপোর্টার : বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, জেলার উদ্যোগে বুধবার জেলা প্রশাসন মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল ‘নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’।
সভায় বক্তারা পণ্যের গুণগত মান নিশ্চিতের পাশাপাশি সঠিক ও নির্ভুল পরিমাপের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, ভোক্তা অধিকার সুরক্ষা এবং বাজার ব্যবস্থায় আস্থা তৈরিতে মেট্রোলজির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নোয়াখালীর উপ-পরিচালক ও অফিস প্রধান শেখ মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসলিমুন নেছা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী সিভিল সার্জনের পক্ষে ডা. ফয়সাল মো. তৌহিদুজ্জামান, জেলা পুলিশ সুপারের পক্ষে সহকারী পুলিশ সুপার (চাটখিল সার্কেল) মনীষ দাশ, নোয়াখালী সুপার মার্কেট পরিচালনা পর্ষদের সভাপতি একরাম উল্লাহ ডিপটি এবং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির গোলাম জিলানী দিদার।
এসময় নোবিপ্রবির বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুল কাদের মেট্রোলজির ইতিহাস ও গুরুত্ব তুলে ধরে একটি তথ্যবহুল প্রবন্ধ উপস্থাপন করেন।
সভাপতির বক্তব্যে শেখ মাসুম বিল্লাহ বলেন, “উন্নত বিশ্ব নির্মাণে পরিমাপ ও মানের জায়গায় কোনো আপোষ করা হবে না। ওজন ও পরিমাপে অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।”
বিশেষ অতিথি ডা. ফয়সাল মো. তৌহিদুজ্জামান ভেজাল ও নিম্নমানের ওষুধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন। অন্যদিকে গোলাম জিলানী দিদার ও একরাম উল্লাহ ডিপটি ব্যবসায়ীদের নৈতিকতা ও ধর্মীয় সচেতনতার ওপর গুরুত্ব দেন।
সহকারী পুলিশ সুপার মনীষ দাশ আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ওপর জোর দিয়ে জেলা পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
প্রধান অতিথি তাসলিমুন নেছা মুক্ত আলোচনা পর্বের প্রশংসা করে বিএসটিআই ও জেলা প্রশাসনের কার্যক্রম গণমাধ্যমে গুরুত্বসহকারে প্রচারের আহ্বান জানান। তিনি শিশু খাদ্যের মান যাচাইয়ে গ্রামীণ স্কুলসংলগ্ন দোকানগুলোতে নজরদারি বাড়ানোর নির্দেশনা দেন এবং নিরাপদ খাদ্য অধিদপ্তরকে সম্পৃক্ত করার পরামর্শ দেন।
মুক্ত আলোচনা পর্বে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা বিএসটিআইয়ের সেবার প্রশংসা করে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম আরও জোরদারের দাবি জানান।
আপনার মতামত লিখুন :