• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২১ মে, ২০২৬
সর্বশেষ আপডেট : ২১ মে, ২০২৬

রামিসা হত্যার প্রতিবাদে মাইজদীতে মানববন্ধন, দোষীদের দ্রুত বিচারের দাবি

নুশরাত রুমু, সদর :
মাইজদীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার অভিযোগে ক্ষোভ প্রকাশ করে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বৃহস্পতিবার (২১ মে) সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘নোয়াখালীর সর্বস্তরের জনগণ’-এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নারী অধিকারকর্মী, কবি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, উন্নয়নকর্মী ও স্থানীয় সচেতন নাগরিকরা অংশ নেন।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন নারী অধিকার জোটের সভাপতি লায়লা পারভীন, নারীনেত্রী বিবি মরিয়ম, উন্নয়নকর্মী ফারজানা তিথি, ব্যবসায়ী সুমন নূর ও অমিত পালসহ অনেকে। বক্তারা অভিযোগ করেন, অপরাধের যথাযথ বিচার না হওয়ায় সমাজে ভয়াবহ অপরাধ বাড়ছে। তারা বলেন, শিশু রামিসার পরিবারের অসহায়ত্ব বর্তমান বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থাহীনতার বহিঃপ্রকাশ। অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে কঠোর শাস্তির দাবি জানান তারা।

সমাবেশে বক্তারা আরও বলেন, নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণে রাষ্ট্রকে আরও সক্রিয় হতে হবে। অন্যথায় সমাজে এ ধরনের বর্বরতা থামানো কঠিন হয়ে পড়বে। তারা বলেন, একটি শিশুর ওপর এমন নির্মমতা পুরো সমাজকে নাড়া দিয়েছে এবং মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘ধর্ষকদের বিচার চাই’, ‘শিশু নির্যাতন বন্ধ করো’ ও ‘স্টপ রেপ নাউ’সহ বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড বহন করেন।
কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা সাধারণ মানুষ অংশ নিয়ে রামিসা হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর