• ঢাকা
  • শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২২ মে, ২০২৬
সর্বশেষ আপডেট : ২২ মে, ২০২৬

ধর্মপুরে শত্রুতার জেরে বসতঘর ও খড়ের গাদায় অগ্নিসংযোগের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নে জমি-সংক্রান্ত বিরোধের জেরে এক কৃষকের বসতঘর ও খড়ের গাদায় অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।

শুক্রবার (২২ মে) ভোররাতে উপজেলার পূর্ব শুল্লুকিয়া গ্রামের আব্দুল হালিমের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মো. সুমন (৩৯)  পূর্ব শুল্লুকিয়া গ্রামের মৃত মৃত আব্দুল হালিমের ছেলে। তিনি জানান- প্রায় ৪০ বছর আগে তাঁর বাবা ও চাচা আব্দুল বারেক পারিবারিকভাবে জমি বিনিময়ের মাধ্যমে বর্তমান বাড়ির মালিকানা নির্ধারণ করেন এবং তখন থেকেই তারা জমিটি ভোগদখল করে আসছেন।

সুমনের অভিযোগ, গত ১৮ এপ্রিল রাতে স্থানীয় উত্তর ওয়াপদা বাজারে তাঁর চাচাতো ভাই মো. জামাল ও সাজিব উদ্দিন জমির দখল ছাড়তে চাপ প্রয়োগ করে তাকে গালাগালি ও মারধর করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। এ ঘটনায় তিনি সুধারাম থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ তদন্ত করে গত ১৮ মে সাধারণ ডায়েরি (জিডি) গ্রহণ করে।

তিনি আরও জানান, গত ১৯ মে তিনি তার বসতবাড়ির জমিতে মাটি কাটতে গেলে তার চাচাতো ভাই জামাল ও সাজিব লোকজন নিয়ে এসে বাধা দেয়। পরে স্থানীয়ভাবে সালিশ বৈঠকের আশ্বাসে পরিস্থিতি শান্ত হলেও অভিযুক্তরা পরবর্তীতে বৈঠকে অংশ নেয়নি।
সুমনের দাবি, বৃহস্পতিবার দিবাগত রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকার সুযোগে তার বসতঘর ও খড়ের গাদায় আগুন ধরিয়ে দেওয়া হয়। স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ততক্ষণে ঘর ও খড়ের গাদা সম্পূর্ণ পুড়ে যায়।

তিনি অভিযোগ করেন, পূর্ব পরিকল্পিতভাবে তার চাচাতো ভাই জামাল, সাজিব এবং তাদের সহযোগীরাই এ অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

এ বিষয়ে সুধারাম মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাদ্দাম হোসেন জানান, ঘটনাটি রাতের আঁধারে ঘটেছে। প্রমাণ ছাড়া এখনই দায়ী ব্যক্তিদের শনাক্ত করা সম্ভব নয়। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর