
উপজেলা প্রতিনিধি, চাটখিল : “মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন খুব দ্রুত চার্জশিট দেওয়া হবে, কিন্তু বিচার কবে শেষ হবে তার কোনো নিশ্চয়তা নেই। এরপর আবার হাইকোর্টে আপিল হবে, সেখানে কত বছর লাগবে তারও ঠিক নেই। আমাদের সমস্যা বিচারের দীর্ঘসূত্রিতা।”
চাটখিলে শিশু রামিসা আক্তার হত্যা ও ধর্ষণ মামলার বিচার প্রক্রিয়া নিয়ে দেশের বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতা নিয়ে এভাবেই উদ্বেগ প্রকাশ করেছেন নোয়াখালী-১ আসনের মাননীয় সংসদ সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
শুক্রবার ২২ মে সকালে চাটখিল পৌর বাজারে ঈদুল আযহা উপলক্ষে চাটখিল পৌরসভার ৪ হাজার ৬ শত ২৫ জন অসহায় মানুষের মাঝে ভিজিএফ চাল বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
অনুষ্ঠানের শুরুতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি হওয়ায় মাননীয় সংসদ সদস্য এ. এম. মাহবুব উদ্দিন খোকনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান।
শিশু রামিসার ওপর ঘটে যাওয়া বর্বরোচিত ও নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এমপি খোকন বলেন, “এত নৃশংস ঘটনা চিন্তা করা যায় না! আমরা বা বর্তমান সরকার কেউই এই ধরনের নৃশংসতা চাই না।”
তিনি এই জঘন্য ঘটনার দ্রুত বিচারের দাবি জানান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি এই ধরনের ঘটনায় দৃষ্টান্তমূলক ও দৃশ্যমান বিচার না হয়, তবে সমাজে এই ধরনের অপরাধ আরও বাড়তে থাকবে। নিহত অবুঝ মেয়েটির পরিবার এবং দেশের সাধারণ জনগণ খুনি ও ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত কার্যকর দেখতে চায়।”
সংসদ সদস্য তার বক্তব্যে উল্লেখ করেন যে, মাননীয় প্রধানমন্ত্রী নিজে ভুক্তভোগী পরিবারটির বাড়িতে গিয়েছেন, তাদের সান্ত্বনা দিয়েছেন এবং সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি ঘটনার ভয়াবহতা দেশবাসীর সামনে তুলে ধরার জন্য সংবাদ মাধ্যমকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “আগেও এই ধরনের ঘটনা ঘটত, কিন্তু এখন মিডিয়ার বদৌলতে মানুষ তাৎক্ষণিকভাবে তা জানতে পারছে। মিডিয়া একে পাবলিকের সামনে এনেছে বলেই আজ মাননীয় প্রধানমন্ত্রী, সরকার, সাধারণ জনগণ এবং আমাদের সবার দৃষ্টি আকর্ষণ হয়েছে।”
অনুষ্ঠান থেকে এমপি খোকন স্থানীয় প্রশাসনকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দেন এবং দলীয় নেতাকর্মীদের স্পষ্ট জানিয়ে দেন যে, কোনো অপরাধী বা ধর্ষকের পক্ষে কোনো প্রকার রাজনৈতিক সুপারিশ বরদাস্ত করা হবে না। দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “রাজনীতি হবে মানুষের প্রকৃত সমাজসেবা ও ত্যাগের জন্য, ব্যক্তিগত আর্থিক সুবিধা বা ধান্দাবাজির জন্য নয়।”
এ সময় জেলা পরিষদ অডিটোরিয়ামে ভিজিএফের চাল নিতে আসা চাটখিলের এক বাসিন্দা ফাতেমা বলেন, “আমাদের মতো গরিব মানুষের ঈদের আনন্দ তো পেট ভরে দুবেলা খাওয়া। এমপি সাহেব যে আজ আমাদের হাতে চাল তুলে দিলেন, এতে ঈদে অন্তত সবাইকে নিয়ে ডাল-ভাত খেতে পারব।”
চাটখিল পৌরসভার প্রশাসক মিজানুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সরকারি কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। সভাপতি তার বক্তব্যে চাল ও অন্যান্য সামগ্রী বিতরণ কার্যক্রম স্বচ্ছতার সাথে সম্পন্ন করার এবং পৌর এলাকার আইনশৃঙ্খলা বজায় রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ৬ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার, চাটখিল পৌরসভার বিভিন্ন বাজারের পরিচ্ছন্নতার জন্য ডাস্টবিন এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের জন্য ঢেউটিন বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :