• ঢাকা
  • শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২২ মে, ২০২৬
সর্বশেষ আপডেট : ২২ মে, ২০২৬

পূর্ব চরএলাইতে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

স্টাফ রিপোর্টার : মাদক, অসামাজিক কার্যকলাপ ও প্রতিবাদকারীদের বিরুদ্ধে কথিত মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় এলাকাবাসী। একই সঙ্গে গ্রেফতার হওয়া দুই প্রতিবাদকারী যুবকের মুক্তির দাবিও জানান তারা।

শুক্রবার জুমার নামাজ শেষে সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের পূর্ব চরএলাই জামে মসজিদের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শতাধিক নারী-পুরুষ, যুবকরা এতে অংশ নেন। পরে একটি বিক্ষোভ মিছিল মসজিদ সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, হুসনেহারা বেগম ছকিনা ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপ পরিচালনা করে আসছে। এসব কর্মকাণ্ডের কারণে এলাকার যুবসমাজ ও শিক্ষার্থীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয়ভাবে একাধিকবার তাদের সতর্ক করা হলেও তারা কোনো ধরনের সংশোধনের পথে না গিয়ে উল্টো প্রতিবাদকারীদের বিরুদ্ধে হয়রানিমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা।

বক্তারা আরও বলেন, এলাকার দুই যুবক হৃদয় ও রাসেল মাদক ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদ করায় তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তীতে তাদের গ্রেফতার করা হয়। শুধু তাই নয়, সাধারণ এলাকাবাসীকেও ভয়ভীতি ও নানা ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে বলে দাবি করেন তারা।

এ সময় বক্তারা বলেন, এর আগেও স্থানীয় চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এলাকাবাসীর যৌথ উদ্যোগে অভিযুক্তদের বিভিন্নভাবে সতর্ক করা হয়েছিল। কিন্তু পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। বরং দিন দিন এলাকায় মাদক ব্যবসা ও সামাজিক অবক্ষয় বেড়ে চলেছে বলে অভিযোগ করেন তারা।

মানববন্ধন ও সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে গ্রেফতারকৃত হৃদয় ও রাসেলের মুক্তি, অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং এলাকায় মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান স্থানীয়রা।

আরও পড়ুন

  • . এর আরও খবর