• ঢাকা
  • শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২২ মে, ২০২৬
সর্বশেষ আপডেট : ২২ মে, ২০২৬

সদরে গ্রাম আদালত বিষয়ে গণসচেতনতা বাড়াতে কর্মশালা

নুশরাত রুমু, সদর : গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানের ভূমিকা শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সদর উপজেলায়। বৃহস্পতিবার (২১ মে ২০২৬) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় গ্রাম আদালতের কার্যক্রম উপস্থাপন করেন নাসিমা আক্তার মুন্নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা হোমায়রা ইসলামের সভাপতিত্বে এবং নাসিমা আক্তার মুন্নির সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, জাতীয় দৈনিক ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, উপজেলা রিসোর্স টিম (ইউআরটি) সদস্য এবং প্রকল্পের উপজেলা সমন্বয়কারীরা অংশ নেন।
উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা হোমায়রা ইসলাম বলেন, গ্রাম আদালত দরিদ্র মানুষের জন্য ন্যায়বিচার পাওয়ার সবচেয়ে নিকটবর্তী প্ল্যাটফর্ম। এ সেবাকে আরও কার্যকর ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, বিশেষ করে নারীরা যাতে সহজেই গ্রাম আদালতের সেবা নিতে পারেন, সে জন্য ব্যাপক জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা জরুরি। প্রয়োজনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লিফলেট ছাপানোর ব্যবস্থাও করা হবে।

এ সময় বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদ হোসেন, ব্লাস্ট সমন্বয়ক লিয়াকত আলী খান, ব্র্যাক সমন্বয়ক মো. নুরুজ্জামান, এফপিএবি প্রোগ্রাম কো-অর্ডিনেটর মিঠুন মজুমদার, এসো গড়ি সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল আউয়াল, হ্যালো ওমেন সংস্থার প্রোগ্রাম কো-অর্ডিনেটর নূরজাহান বেগম রিনি এবং বিভিন্ন গণমাধ্যমকর্মী।

বক্তারা ইউনিয়ন পরিষদ পর্যায়ে গ্রাম আদালতকে আরও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন। পরে গ্রুপ ওয়ার্কের মাধ্যমে অংশগ্রহণকারীরা একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করেন।

ভবিষ্যতে ওই পরিকল্পনার ভিত্তিতে গ্রাম আদালত বিষয়ে প্রচার ও গণসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর