
নুশরাত রুমু, সদর : জাতীয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা-২০২৬ এ বাংলাদেশ স্কাউটস সদর দপ্তর আয়োজিত জাতীয় চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সারা দেশের প্রতিযোগীদের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে মাইজদী জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ (ইংরেজি ভার্সন)-এর ৫ম শ্রেণির শিক্ষার্থী উষ্ময় দেবনাথ। সে চিত্রায়ন আর্ট একাডেমিরও একজন ছাত্র। জেলা ও বিভাগীয় পর্যায় অতিক্রম করে জাতীয় পর্যায়ে এই সাফল্য অর্জনের মাধ্যমে সে দেশের অসংখ্য মেধাবী শিক্ষার্থীকে পেছনে ফেলেছে।
জাতীয় পর্যায়ে পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং বাংলাদেশ স্কাউটসের সভাপতি-সহ দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে উষ্ময় দেবনাথের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয়।
জাতীয় পর্যায়ে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জনের পর উষ্ময় দেবনাথ নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (শিক্ষা ও কল্যাণ) তাসলিমুন নেছা এবং তার শিক্ষক এস এম নিজামুদ্দিন।
সাক্ষাৎকালে উষ্ময় নিজের আঁকা একটি চিত্রকর্ম জেলা প্রশাসকের হাতে তুলে দেয়। জেলা প্রশাসক শিক্ষার্থীর অসাধারণ সৃজনশীলতা ও জাতীয় পর্যায়ের অর্জনের ভূয়সী প্রশংসা করেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
পরে উষ্ময় দেবনাথ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোমায়রা ইসলামের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ইউএনও তার এই গৌরবময় অর্জনের প্রশংসা করে বলেন, ভবিষ্যতেও উষ্ময় দেশ ও জাতির জন্য সুনাম বয়ে আনবে বলে তিনি আশাবাদী।
পুরস্কার হাতে অনুভূতি প্রকাশ করে উষ্ময় দেবনাথ জানায়, ভবিষ্যতে পড়াশোনার পাশাপাশি একজন দক্ষ আঁকিয়ে হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় সে। এই সম্মানজনক অর্জনের পেছনে তার মায়ের উৎসাহ ও নিরলস প্রচেষ্টা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলেও উল্লেখ করে সে। একই সঙ্গে শিক্ষক এস এম নিজামুদ্দিনের আন্তরিক দিকনির্দেশনা ও অনুপ্রেরণার কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে উষ্ময়।
উষ্ময় দেবনাথের এই অর্জন জেলার শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে নতুন অনুপ্রেরণা সৃষ্টি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আপনার মতামত লিখুন :