
নুশরাত রুমু, সদর : মাইজদীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক দুই অভিযানে মোট ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) দিবাগত রাত ও শুক্রবার (২২ মে) পরিচালিত এসব অভিযানে ইয়াবা উদ্ধার ছাড়াও মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। ডিবি পুলিশ সূত্র জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পৃথক অভিযান পরিচালনা করা হয়।
প্রথম অভিযানে বৃহস্পতিবার (২১ মে) রাত ১১টা ১৫ মিনিটের দিকে সুধারাম মডেল থানাধীন নোয়াখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মাইজদী বাজার হাইওয়ে রোডের পূর্ব পাশে মা এন্টারপ্রাইজ কনফেকশনারি দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বড় চাঁদপুর এলাকার মৃত নুরুল আলমের ছেলে মো. নুরুল আফছার (৪১) এবং লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কালকিনি এলাকার মৃত চৌধুরী মিয়ার ছেলে মো. এরশাদ (২৭)। ডিবি পুলিশের ভাষ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজনদের আটক করে তল্লাশি চালানো হলে নুরুল আফছারের দেহ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।অপরদিকে শুক্রবার (২২ মে) পৌরসভার ইসলামীয়া রোডের হক স্টোরের সামনে আরেকটি অভিযান পরিচালনা করে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মৃত মোস্তাক আহাম্মদের ছেলে নুর আলম (৫১), নোয়াখালীর চরমটুয়া ইউনিয়নের মৃত জালাল আহাম্মদের ছেলে মোঃ বেলাল হোসেন (২৪) এবং আন্ডারচর ইউনিয়নের মোঃ আজাদের ছেলে ইসমাইল হোসেন রানা (২৭)।
পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :