• ঢাকা
  • রবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৩ মে, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৩ মে, ২০২৬

হাতিয়ায় ব্যবসায়ীকে নির্যাতন ও অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, হাতিয়া : হাতিয়ায় কোস্ট গার্ডের বিরুদ্ধে ব্যবসায়ী আমজাদ হোসেন বিদ্যুৎকে নির্যাতন, বাড়িতে ভাঙচুর এবং পরিকল্পিতভাবে অস্ত্র উদ্ধারের অভিযোগ তুলে তার মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।

শনিবার (২৩ মে) সকাল ১১টায় হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের ভৈরব বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ব্যবসায়ী, বাজার কমিটির নেতৃবৃন্দ, স্বজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন ভৈরব বাজার বণিক সমিতির আহ্বায়ক কবির মিয়া, ব্যবসায়ী রাশেদ, নাজিম, ইরাক, স্বপনসহ ভুক্তভোগীর স্বজনরা।

বক্তারা অভিযোগ করেন, আমজাদ হোসেন বিদ্যুৎ একজন প্রবাসফেরত ব্যবসায়ী। স্থানীয় একটি ষড়যন্ত্রকারী চক্রের ইন্ধনে তাকে অন্যায়ভাবে অস্ত্র মামলায় জড়ানো হয়েছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও বিদ্যুতের মুক্তি দাবি জানান।

ভৈরব বাজার বণিক সমিতির আহ্বায়ক কবির মিয়া বলেন, “বিদ্যুৎ এ বাজারের পরিচিত ব্যবসায়ী। প্রতিপক্ষের প্ররোচনায় তাকে বিনা অপরাধে ফাঁসিয়ে কোস্ট গার্ড থানায় সোপর্দ করেছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত চাই।”

ব্যবসায়ী রাশেদ বলেন, “বিদ্যুৎ আমার পাশের দোকানদার। তাকে বাজার থেকে ধরে নিয়ে গিয়ে অস্ত্র মামলায় জড়ানো হয়েছে।”
ভুক্তভোগীর মা লুৎফে আরা বেগম অভিযোগ করেন, তার ছেলেকে বাজার থেকে হাত বেঁধে বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে বাড়ির ছাদে তুলে মারধর করা হয় এবং হাঁস-মুরগির খোপ থেকে অস্ত্র উদ্ধারের দাবি করা হয়। তিনি বলেন, “সন্ধ্যায় আমি নিজেই সেখানে হাঁস-মুরগি বেঁধেছি। এটা সম্পূর্ণ ষড়যন্ত্র।”

বিদ্যুতের স্ত্রী পারভীন আক্তার অভিযোগ করেন, স্বামীকে ছাড়ার অনুরোধ করলে তাকে গালিগালাজ ও ধাক্কা দেওয়া হয়। এসময় ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকাও নিয়ে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

প্রতিবেশী সুলতানা বেগম ও জোছনা জানান, বিদ্যুতের চিৎকার শুনে গিয়ে তারা তাকে মারধরের দৃশ্য দেখেছেন।

এসময় শারীরিক প্রতিবন্ধী শিশু আরমান অভিযোগ করে বলে, “বিদ্যুৎ আঙ্কেলকে বাঁচাতে গেলে কোস্ট গার্ড গুলি করার হুমকি দেয়।”
মানববন্ধনে বক্তারা আরও অভিযোগ করেন, বিদ্যুতের বাড়ি থেকে চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে কোস্ট গার্ড এলোপাতাড়ি গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।

আমজাদ হোসেন বিদ্যুৎ (৩৬) চরকিং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বোয়ালিয়া গ্রামের হাজি আবুল কালামের ছেলে। তিনি স্থানীয় ভৈরব বাজারের একজন ব্যবসায়ী।

মানববন্ধন শেষে বিদ্যুতের মুক্তির দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
উল্লেখ্য, গত ২১ মে রাত ৮টার দিকে কোস্ট গার্ড অভিযান চালিয়ে আমজাদ হোসেন বিদ্যুৎকে আটক করে। পরদিন তাকে থানায় সোপর্দ করা হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর