• ঢাকা
  • মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৫ মে, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৫ মে, ২০২৬

মেঘনার পাড়ে হাঁটতে গিয়ে কৃষক পেলেন ২০ কেজির কোরাল

উপজেলা প্রতিনিধি, হাতিয়া : হাতিয়ায় মেঘনা নদীর তীরে হাঁটতে গিয়ে প্রায় ২০ কেজি ওজনের একটি বিশাল কোরাল মাছ পান এক কৃষক। রোববার সন্ধ্যায় উপজেলার চরকিং ইউনিয়নের চরবগুলা গ্রামের পাশের নদীসংলগ্ন খালে এ ঘটনা ঘটে। পরে মাছটি স্থানীয় কয়েকজন মিলে কিনে নিজেদের মধ্যে ভাগ করে নেন।

স্থানীয় সূত্রে জানা যায়, চরবগুলা গ্রামের কৃষক নাজিম উদ্দিন সন্ধ্যার পর বাড়ির পাশে নদীর পাড়ে হাঁটছিলেন। এ সময় হাতে থাকা টর্চলাইটের আলোতে খালের অল্প পানির মধ্যে বড় আকৃতির একটি মাছ নিস্তেজ অবস্থায় পড়ে থাকতে দেখেন। কাছে গিয়ে নিশ্চিত হওয়ার পর তিনি মাছটি ধরে বাড়িতে নিয়ে যান।

খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক মানুষ মাছটি এক নজর দেখতে ভিড় করেন। পরে স্থানীয়দের অনুরোধে মাছটি চরবগুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের একটি দোকানে নেওয়া হয়। সেখানে রাত পর্যন্ত এলাকাবাসীর ভিড় লক্ষ্য করা যায়।

কৃষক নাজিম উদ্দিন বলেন, “এত বড় কোরাল মাছ আমি আগে কখনও এত কাছ থেকে দেখিনি। প্রথমে বিশ্বাসই করতে পারিনি মাছটি জীবিত না মৃত। পরে ধরে বাড়িতে নিয়ে আসি।”

স্থানীয় বাসিন্দা ফরিদ উদ্দিন জানান, রাত হয়ে যাওয়ায় মাছটি বাজারে নেওয়া সম্ভব হয়নি। পরে স্থানীয় কয়েকজন মিলে প্রতি কেজি ৬০০ টাকা দরে মাছটি কিনে নেন এবং কেটে নিজেদের মধ্যে ভাগ করে নেন।

উপকূলীয় অঞ্চলে মাঝেমধ্যে জোয়ারের পানির সঙ্গে বড় মাছ খাল বা নদীর কিনারায় উঠে এলেও এ ধরনের বড় কোরাল মাছ পাওয়া বিরল ঘটনা বলে জানিয়েছেন স্থানীয়রা।

আরও পড়ুন

  • . এর আরও খবর