
উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ : বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের সেকান্তর হাজি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দরিদ্র মোহাম্মদ হানিফের একমাত্র বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সামান্য মাথা গোঁজার ঠাঁই হিসেবে থাকা ছোট্ট ঘরটিও এখন আর নেই। টিনের পরিবর্তে উপরে টাঙানো ছিল এক টুকরো প্লাস্টিক, সেটুকুও আগুনে পুড়ে শেষ হয়ে গেছে। বর্তমানে পরিবারটি খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে সোমবার দুপুরে নরোত্তমপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়ি পরিদর্শন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নরোত্তমপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি হাসান তৈয়ব, সেক্রেটারি মনির হোসেন মনির এবং জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইমরান হোসেন আজাদ। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং সংগঠনের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
শনিবার সন্ধ্যার পর এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ঘরের আসবাবপত্র, কাপড়চোপড়, প্রয়োজনীয় কাগজপত্রসহ পরিবারের ব্যবহারযোগ্য প্রায় সব মালামাল পুড়ে যায়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। তবে ততক্ষণে সবকিছু পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আগুন লাগার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পরিদর্শনকালে জামায়াত নেতারা বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারটির পুনর্বাসনে সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি ও প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান তারা।
স্থানীয় এলাকাবাসী জানান, অত্যন্ত দরিদ্র এই পরিবারটির থাকার মতো আর কোনো জায়গা নেই। দ্রুত সহযোগিতা না পেলে পরিবারটিকে আরও চরম দুর্ভোগে পড়তে হবে।
আপনার মতামত লিখুন :