• ঢাকা
  • মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ২ জুন, ২০২৬

মাইজদী বাজারে সড়কের পাশে বর্জ্যের স্তূপ, জনদুর্ভোগ চরমে

অয়ন রাউত, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী : নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মাইজদী বাজার এলাকায় সড়কের পাশে দীর্ঘদিন ধরে বর্জ্যের স্তূপ জমে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা, পথচারী ও ব্যবসায়ীরা। নিয়মিত বর্জ্য অপসারণ না হওয়ায় এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সরেজমিনে দেখা যায়, বাজারসংলগ্ন সড়কের একপাশে পচনশীল ও প্লাস্টিকজাত বর্জ্যের স্তূপ পড়ে রয়েছে। এসব বর্জ্য থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। কোথাও কোথাও বর্জ্যে আগুন জ্বলতে দেখা গেছে, যার ধোঁয়ায় আশপাশের পরিবেশ আরও দূষিত হয়ে উঠেছে। এতে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, বাজার এলাকায় প্রতিদিন বিপুল পরিমাণ জৈব ও প্লাস্টিক বর্জ্য জমা হলেও তা সময়মতো অপসারণ করা হয় না। ফলে দিন দিন পরিস্থিতির অবনতি ঘটছে। বিশেষ করে বৃষ্টির সময় এসব বর্জ্য সড়কে ছড়িয়ে পড়ে চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে।
স্থানীয় একাধিক বাসিন্দা জানান, “এভাবে রাস্তার পাশে ময়লা-আবর্জনা পড়ে থাকায় চলাচল কষ্টকর হয়ে উঠেছে। দুর্গন্ধে আশপাশে দাঁড়িয়ে থাকাও দায়। দ্রুত বর্জ্য অপসারণ ও নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা নেওয়া জরুরি।”

এলাকাবাসী নোয়াখালী পৌরসভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত জমে থাকা বর্জ্য অপসারণ, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। পাশাপাশি নির্দিষ্ট স্থানে পর্যাপ্ত ডাস্টবিন স্থাপনেরও আহ্বান জানিয়েছেন তারা।

আরও পড়ুন

  • . এর আরও খবর