
উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ : বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে অনুষ্ঠিত ঈদ আনন্দ মিনি ফুটবল টুর্নামেন্টের প্রথম ধাপের খেলায় জয়লাভ করে সুপার এইটে জায়গা করে নিয়েছে পাওয়ার নাইন টিম।
সোমবার (১ জুন) বিকেলে নরোত্তমপুর ইউনিয়নের পন্ডিত বাজার মাঠে অনুষ্ঠিত ম্যাচে শাহজাহান ফিরোজ স্মৃতি সংসদ মুখোমুখি হয় পাওয়ার নাইন দলের। খেলার শুরু থেকেই উভয় দল আক্রমণাত্মক ফুটবল উপহার দিলেও শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে জয় পায় পাওয়ার নাইন।
ম্যাচে পাওয়ার নাইন দলের খেলোয়াড়রা দুটি গোল করে দলকে এগিয়ে নেন। অপরদিকে শাহজাহান ফিরোজ স্মৃতি সংসদ একটি গোল শোধ করলেও পরাজয় এড়াতে পারেনি। এই জয়ের ফলে টুর্নামেন্টের সুপার এইট পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে পাওয়ার নাইন।
খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জহিরুল ইসলাম, আয়াত উল্লাহ, অত্র ইউনিয়নের যুবদলের সাবেক আহবায়ক সুমন মিয়া, নরোত্তমপুর ইউনিয়ন যুব সংগঠন এর আয়োজনে অত্র সংগঠনের সেক্রেটারি ইকবাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হোসেন, খেলার আহ্বায়ক খলিলুর রহমান সহ আরো অনেকেই।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্যরা জানান, ঈদকে ঘিরে স্থানীয় তরুণদের মাঝে ক্রীড়া চর্চা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টের পরবর্তী খেলাগুলোতেও দর্শকদের ব্যাপক উপস্থিতি থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন :