
এমদাদ হোসেন কৈশর, মাইজদী : নোয়াখালী পৌরসভার ২নং ওয়ার্ডে অবস্থিত নোয়াখালী সরকারি কলেজ সংলগ্ন গুরুত্বপূর্ণ সড়ক সেন্ট্রাল রোড আরও ১০ ফুট প্রশস্ত করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা। তাদের মতে, শহরের জনসংখ্যা বৃদ্ধি, আবাসিক এলাকার সম্প্রসারণ এবং যানবাহনের চাপ বৃদ্ধির কারণে বর্তমান সড়কটি আর প্রয়োজন মেটাতে পারছে না।
জানা যায়, মাইজদী রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশে সিও বিল্ডিং মোড় থেকে শুরু হয়ে নোয়াখালী সরকারি কলেজের নতুন ক্যাম্পাস, সাতানীপুকুর পাড়, শিল্পকলা একাডেমির পূর্ব পাশ, কচিমিয়ার রাইস মিল, নোয়াখালী ম্যাটস, পাঁচ রাস্তার মোড়, সার্কিট হাউসের সামনে হয়ে হরিনারায়ণপুর দত্তের হাট পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার বিস্তৃত এই সড়কটি দীর্ঘদিন ধরে জেলার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
স্থানীয় সূত্রে জানা যায়, একসময় মাইজদী, মাইজদী কোর্ট, হরিনারায়ণপুর ও নোয়াখালী (সোনাপুর) রেলওয়ে স্টেশনের মধ্যে যোগাযোগের অন্যতম সড়ক ছিল এই সেন্ট্রাল রোড। বর্তমানে প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী নোয়াখালী সরকারি কলেজে যাতায়াতের জন্য এই সড়ক ব্যবহার করে।
অভিযোগ রয়েছে, সড়কটির বর্তমান প্রস্থ মাত্র প্রায় ১২ ফুট। যদিও পূর্ব পাশে প্রায় ৫ ফুট প্রশস্ত একটি ড্রেন রয়েছে, তবুও যানবাহন চলাচলের জন্য রাস্তা অত্যন্ত সংকীর্ণ। গত কয়েক দশকে সড়কের দুই পাশে অসংখ্য বহুতল ভবন, আবাসিক এলাকা ও বিভিন্ন প্রতিষ্ঠানের গড়ে ওঠায় যানবাহনের চাপ বহুগুণ বৃদ্ধি পেয়েছে। ফলে সরকারি কার্যদিবসগুলোতে সড়কের বিভিন্ন স্থানে নিয়মিত যানজট সৃষ্টি হয় এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ে।
স্থানীয়রা জানান, সেন্ট্রাল রোডের পূর্ব পাশে একসময় একটি সরু খাল ছিল, যার বড় অংশ বর্তমানে বিভিন্ন প্রভাবশালী মহলের দখলে রয়েছে। খালটি পুনরুদ্ধার এবং দখলমুক্ত করে রাস্তা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হলে জনদুর্ভোগ অনেকাংশে কমে আসবে।
ইতিহাস ঘেঁটে জানা যায়, ১৯২৪ সালের ১ অক্টোবর রেজিস্ট্রিকৃত ৩৩৮৪ নম্বর ডোল-কবুলিয়ত দলিলের মাধ্যমে নোয়াখালী সদরের অন্যতম জমিদার রায় রাজকুমার দত্ত বাহাদুর এই সড়কের জন্য সংশ্লিষ্ট ভূমি হস্তান্তর করেছিলেন।
এলাকাবাসীর দাবি, নোয়াখালী শহরের ক্রমবর্ধমান জনসংখ্যা ও যানবাহনের চাপ বিবেচনায় সেন্ট্রাল রোডকে অন্তত আরও ১০ ফুট প্রশস্ত করা এখন সময়ের দাবি। তারা সড়ক ও জনপথ বিভাগ, জেলা প্রশাসন এবং নোয়াখালী পৌর কর্তৃপক্ষের কাছে দ্রুত প্রয়োজনীয় সমীক্ষা ও উন্নয়ন প্রকল্প গ্রহণের আহ্বান জানিয়েছেন।
স্থানীয় সচেতন মহলের মতে, সেন্ট্রাল রোড সম্প্রসারণ করা হলে নোয়াখালী সরকারি কলেজসহ আশপাশের এলাকার শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ মানুষের যাতায়াত সহজ হবে এবং দীর্ঘদিনের যানজট সমস্যারও উল্লেখযোগ্য সমাধান হবে।
আপনার মতামত লিখুন :