• ঢাকা
  • বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ২ জুন, ২০২৬

যুক্তরাষ্ট্র বেঙ্গল ক্লাবের উদ্যোগে কোম্পানীগঞ্জে ‘মুছাপুর ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ :
কোম্পানীগঞ্জে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ‘মুছাপুর ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (১ম আসর)’-এর গ্র্যান্ড ফাইনাল। যুক্তরাষ্ট্রের বেঙ্গল ক্লাব নিউ জার্সি আটলান্টিক সিটির উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্ট ঘিরে এলাকায় সৃষ্টি হয় উৎসবের আমেজ। সোমবার মুছাপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই মেগা ফাইনালে উত্তর মুছাপুর সেভেন স্টার স্পোর্টিং ক্লাবকে ট্রাইবেকারে ৪-৩ গোলে পরাজিত করে প্রথম আসরের ঐতিহাসিক চ্যাম্পিয়ন শিরোপা ঘরে তুলেছে ‘আইয়ুব লাল স্মৃতি ফাউন্ডেশন’।

যুক্তরাষ্ট্র বেঙ্গল ক্লাব নিউ জার্সি আটলান্টিক সিটির সভাপতি ও বিশিষ্ট ক্রীড়ানুরাগী রানা কবিরের সভাপতিত্বে আয়োজিত এই ফাইনাল খেলাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন নোয়াখালী-৫ আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের পুত্র জুবায়ের ইসলাম ফারুকী।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র নিউ জার্সি স্টেট সাউথ বিএনপির সভাপতি আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ কাউসার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও উপদেষ্টা আব্দুর রহিম এবং নুরুল ইসলাম ইফতেখার। এছাড়াও বিশেষ পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব রফিকুল ইসলাম ও বেঙ্গল ক্লাব (USA)-এর সেক্রেটারি কাজল বারাই।

নির্ধারিত সময়ের রুদ্ধশ্বাস লড়াই গোলশূন্যভাবে শেষ হলে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে। স্নায়ুক্ষয়ী সেই লড়াইয়ে ৪-৩ ব্যবধানে জয় সুনিশ্চিত করে আইয়ুব লাল স্মৃতি ফাউন্ডেশন। ফাইনাল ম্যাচে অসামান্য ক্রীড়াশৈলী প্রদর্শন করে ম্যাচ সেরা (ম্যান অব দ্য ম্যাচ) নির্বাচিত হন মাইজদী থেকে আগত অতিথি গোলরক্ষক (GK) অনিক।

অন্যদিকে, পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় (ম্যান অব দ্য টুর্নামেন্ট) নির্বাচিত হন কোম্পানীগঞ্জের কৃতি সন্তান সৌরভ। মাঠ পর্যায়ে খেলাটি সুশৃঙ্খলভাবে পরিচালনার দায়িত্বে ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি জাকির হোসেন রাশেদ মেম্বার এবং সাধারণ সম্পাদক জাকির হোসেন জাকার। খেলা পরিচালনায় রেফারি ও সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেন, শাহাদাত হোসেন, সিরাজুল ইসলাম সজল, আব্দুল আউয়াল, দেলোয়ার হোসেন, ফজলুল হক রানী এবং ছাত্রদল নেতা আব্দুল মোতালেব মানিকসহ স্থানীয় ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ।
​খেলা শেষে প্রধান অতিথি ও সভাপতিসহ উপস্থিত অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলের হাতে জমকালো ট্রফি ও প্রাইজমানি তুলে দেন। এই সময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, যুবসমাজকে অবক্ষয়, অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে মাঠের ক্রীড়া প্রতিযোগিতার কোনো বিকল্প নেই। প্রবাসে থেকেও দেশের মাটিতে তরুণদের জন্য এমন দৃষ্টিনন্দন টুর্নামেন্ট আয়োজন করায় তিনি বেঙ্গল ক্লাব ও রানা কবিরের ভূয়সী প্রশংসা করেন।
দীর্ঘদিন পর মুছাপুর উচ্চ বিদ্যালয় মাঠে এমন বড় আয়োজনকে ঘিরে স্থানীয় ক্রীড়ামোদীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ফাইনাল খেলাটি উপভোগ করার জন্য মাঠে হাজার হাজার দর্শক ও ক্রীড়ামোদীর ঢল নামে।

আরও পড়ুন

  • . এর আরও খবর