
নুশরাত রুমু, সদর : সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের চর দরবেশ গ্রামে বসতঘরে হামলা ও ভাঙচুরের ঘটনায় নারীসহ অন্তত সাতজন আহত হয়েছেন।
আহতদের পরিবারের দাবি, ভেকু মেশিন-সংক্রান্ত দালালির টাকার বিরোধকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
সোমবার (১ জুন) বিকেলে এ হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন আনোয়ারা বেগম (২৬), স্বপন (২৭), সাগর (১৭), ফাহিম (১২), পেয়ারা বেগম (৫৫), খলিল (৬০) ও রনি।
পরে সোমবার রাতে তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
ভুক্তভোগীদের অভিযোগ, ইমরানের নেতৃত্বে একদল কিশোর গ্যাং সদস্য তাদের বসতঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এ সময় নগদ টাকা ও বিভিন্ন মালামাল লুটপাটেরও অভিযোগ করা হয়েছে।
হামলায় আহত পারভেজ নামে আরও একজন ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
অভিযুক্ত ইমরানের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) শ্রী রাম চন্দ্র ভট্টাচার্য বলেন, “ঘটনার বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”
পুলিশের তদন্তের পর ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।
আপনার মতামত লিখুন :