• ঢাকা
  • সোমবার, ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ৬ জুন, ২০২৬

সামাজিক সুরক্ষা খাতে বাজেট বাড়ানোর দাবি নাগরিক সমাজের

স্টাফ রিপোর্টার : বাংলাদেশে দারিদ্র্য, অসমতা ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় অধিকার-ভিত্তিক সর্বজনীন সামাজিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছে নাগরিক সমাজ। এসডিজি অ্যাকশন জোট এবং জিক্যাপ-এর যৌথ উদ্যোগে ঢাকার এনজিও ফোরাম মিলনায়তনে আয়োজিত এক জাতীয় অধিপরামর্শ সভায় এ আহ্বান জানানো হয়।

সভায় ‘সবার জন্য সামাজিক সুরক্ষা’ শীর্ষক একটি খসড়া অবস্থানপত্র উপস্থাপন করা হয়। বক্তারা বলেন, সরকারের ‘ফ্যামিলি কার্ড’সহ বিভিন্ন ইতিবাচক উদ্যোগ থাকলেও সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ প্রয়োজনের তুলনায় খুবই কম। ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে এ খাতে বরাদ্দ ছিল জিডিপির মাত্র ১ দশমিক ৮৭ শতাংশ, যা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক গড়ের চেয়েও কম।

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে সামনে রেখে বক্তারা সামাজিক কল্যাণমূলক ব্যয় বৃদ্ধি এবং একটি সুনির্দিষ্ট ও কৌশলগত বিনিয়োগ পরিকল্পনার দাবি জানান। তারা সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে মোট জাতীয় বাজেটের অন্তত ২০ শতাংশ এবং জিডিপির কমপক্ষে ৪ শতাংশ করার আহ্বান জানান।

বক্তারা বলেন, মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ভাতার পরিমাণ বৃদ্ধি, দুস্থ নারী, বিধবা, বয়স্ক, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, আদিবাসী ও অনগ্রসর জনগোষ্ঠীর জন্য সর্বজনীন জীবনচক্রভিত্তিক সুরক্ষা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি জলবায়ু-সহনশীল নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করা হয়।

সভায় আরও বলা হয়, প্রান্তিক জনগোষ্ঠী, আদিবাসী ও সংখ্যালঘু সম্প্রদায়কে সামাজিক সুরক্ষায় অগ্রাধিকার দিতে হবে। এছাড়া স্বাস্থ্যসেবা খাতে বরাদ্দ বৃদ্ধি ও তার কার্যকর ব্যবহার নিশ্চিত করা এবং নারী কৃষি শ্রমিকদের অধিকার রক্ষার আহ্বান জানান বক্তারা। তারা মত দেন, সরকারের উন্নয়ন অগ্রযাত্রার প্রতিশ্রুতি যেন আসন্ন বাজেটে প্রতিফলিত হয় এবং কোনো নাগরিক যেন পিছিয়ে না থাকে।

এনআরডিএস-এর নির্বাহী পরিচালক আবদুল আউয়ালের সভাপতিত্ব ও সঞ্চালনায় সভায় অবস্থানপত্র উপস্থাপন করা হয়। প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডা. দিবালোক সিংহ, অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা দেলওয়ার হোসাইন, কৃষক ফেডারেশনের সভাপতি বদরুল আলম, রাসিন-এর নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা এবং অধিকারকর্মী নাজের চৌধুরী।

এছাড়া বক্তব্য রাখেন গান্ধী আশ্রমের পরিচালক রাহা নবকুমার, উন্নয়ন সংগঠক মঞ্জু রাণী প্রামানিক, ডেভেলপমেন্ট হুইল-এর নির্বাহী পরিচালক শাহ আবদুস সালাম এবং প্রান-এর নির্বাহী পরিচালক ও খানির আহ্বায়ক নুরুল আলম মাসুদসহ আরও অনেকে।
বক্তারা এসডিজি অ্যাকশন অ্যালায়েন্সকে তৃণমূল পর্যায়ে আরও সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান এবং খসড়া অবস্থানপত্র সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন। একইসঙ্গে এটি সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে উপস্থাপনের প্রস্তাবও করা হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর