• ঢাকা
  • সোমবার, ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ৬ জুন, ২০২৬

টিম অব ভলান্টিয়ারের উদ্যোগে ‘ইয়ুথ ভলান্টিয়ার একাডেমি’র শুভ উদ্বোধন

নুশরাত রুমু, সদর : অসচ্ছল, নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের মেধাবী শিক্ষার্থীদের জন্য স্বল্প ব্যয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে টিম অব ভলান্টিয়ারের উদ্যোগে ‘ইয়ুথ ভলান্টিয়ার একাডেমি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

শনিবার (৬ জুন) বিকেল ৪টায় মাইজদীর বার্লিংটন মোড় এলাকার সাফিয়া মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত টিম অব ভলান্টিয়ারের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে একাডেমিটির কার্যক্রমের সূচনা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন টিম অব ভলান্টিয়ারের সভাপতি দুর্জয় ভৌমিক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকারকর্মী ও সমাজসেবক সুমন চন্দ্র ভৌমিক, ইউনিকোডার তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক জোবায়ের হোসেন জয় এবং প্রথম আলো বন্ধু সভা নোয়াখালীর সভাপতি আসিফ আহমেদ।
বক্তব্যকালে আসিফ আহমেদ এ শিক্ষামূলক মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং একাডেমিতে একটি পাঠাগার স্থাপনের আগ্রহ প্রকাশ করেন। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন আল ওয়াসী আলম সামি, সুলতানুল আরেফিন, জান্নাত ইসলাম, সায়মা ইসলাম সানু, আরাফ উদ্দিন, অর্পা দাস ও সাফফাত বিন জালালসহ টিম অব ভলান্টিয়ারের অন্যান্য সদস্যরা।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, লেখক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, একাডেমিতে মাত্র ১০০ টাকা মাসিক ফিতে শিক্ষার্থীদের পাঠদান করা হবে। সপ্তাহে চার দিন—শনিবার, সোমবার, বুধবার ও বৃহস্পতিবারবিকেল ৩টা থেকে ৫টা ১৫ মিনিট পর্যন্ত নিয়মিত শ্রেণি কার্যক্রম পরিচালিত হবে।

অনুষ্ঠানে টিম অব ভলান্টিয়ারের সভাপতি দুর্জয় ভৌমিক বলেন, “আমাদের সমাজে এমন অনেক মধ্যবিত্ত পরিবার রয়েছে, যারা সন্তানদের অতিরিক্ত শিক্ষার ব্যয় বহন করতে গিয়ে হিমশিম খায়। আবার আত্মমর্যাদাবোধের কারণে তারা নিজেদের কষ্টের কথা প্রকাশও করতে পারে না। এমন পরিবারের সন্তানদের জন্য শিক্ষার সুযোগ সহজলভ্য করতেই আমাদের এই উদ্যোগ।”

তিনি সমাজের বিত্তবান, শিক্ষানুরাগী ও শুভানুধ্যায়ীদের এ ধরনের শিক্ষামূলক কার্যক্রমে সহযোগিতার জন্য এগিয়ে আসার আহ্বান জানান।

উল্লেখ্য, ‘ইয়ুথ ভলান্টিয়ার একাডেমি’র স্লোগান “আলোকিত তরুণ, উন্নত সমাজ”। শিক্ষার আলো ছড়িয়ে দক্ষ, মানবিক ও সচেতন প্রজন্ম গড়ে তোলাই প্রতিষ্ঠানটির প্রধান লক্ষ্য।

আরও পড়ুন

  • . এর আরও খবর