
মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার : সোনাইমুড়ী উপজেলার হোসেনপুর মধ্যপাড়া বটগাছতলা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (৬ জুন) ভোরে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দেলোয়ার হোসেনের মুদি ও চায়ের দোকান থেকে প্রথমে ধোঁয়া বের হতে দেখেন এলাকাবাসী। ধারণা করা হচ্ছে, দোকানে থাকা একটি ফ্রিজ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের দোকানেও আগুন ধরে যায়।
অগ্নিকাণ্ডে দেলোয়ার হোসেনের মুদি ও চায়ের দোকান এবং নজির আহমেদের ‘মায়ের দোয়া ফার্নিচার’ সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে দোকান দুটির মালামাল, আসবাবপত্র ও প্রয়োজনীয় সরঞ্জাম ভস্মীভূত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা না গেলে আশপাশের আরও কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল বলে জানান স্থানীয়রা।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নজির আহমেদ বলেন, আগুন লাগার খবর পেয়ে এসে দেখি আমার দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। ভেতরের কোনো মালামালই বের করতে পারিনি। আগুনে আমার সব শেষ হয়ে গেছে। এখন আমি পুরোপুরি নিঃস্ব।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, এ অগ্নিকাণ্ডে দুই ক্ষুদ্র ব্যবসায়ী ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। তাদের পুনর্বাসনে সরকারি ও বেসরকারি সহায়তার প্রয়োজন রয়েছে।
এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :