• ঢাকা
  • সোমবার, ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ৭ জুন, ২০২৬

পৌরবাজারে জেলি মিশ্রিত ১৪২ কেজি চিংড়ি জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

নুশরাত রুমু, সদর : মাইজদী পৌরবাজারে অভিযান চালিয়ে জেলি মিশ্রিত ১৪২ কেজি চিংড়ি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় দুই ব্যবসায়ীকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৭ জুন) দুপুরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তানভীরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পৌরবাজারে কয়েকজন অসাধু ব্যবসায়ী চিংড়ি মাছে জেলি পুশ করে ওজন বৃদ্ধি করে বিক্রি করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে মাছ বাজারে অভিযান চালানো হয়। অভিযানের সময় ইসমাইল ও বাহার নামে দুই ব্যবসায়ীর কাছে থাকা চিংড়ি মাছে জেলির অস্তিত্ব পাওয়া যায়।

পরে তাদের কাছ থেকে ১৪২ কেজি চিংড়ি জব্দ করে ধ্বংস করা হয়। একই সঙ্গে ভোক্তা অধিকারবিরোধী কর্মকাণ্ড ও জনস্বার্থ ক্ষুণ্ন করার দায়ে দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তানভীর বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। ভেজাল ও প্রতারণামূলককর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

অভিযানে সহযোগিতা করেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মানস মণ্ডল, পৌরবাজার কমিটির সাধারণ সম্পাদক আবদুল করিম মুক্তা এবং আনসার ব্যাটালিয়নের সদস্যরা।

আরও পড়ুন

  • . এর আরও খবর