
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : ব্যবসায়িক সম্পর্ক শুধু লেনদেনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা পারস্পরিক আস্থা ও সৌহার্দ্যের বিষয়’—এই মূলমন্ত্রকে ধারণ করে কোম্পানীগঞ্জে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে নির্মাণসামগ্রী বিক্রয়কারী প্রতিষ্ঠান ‘মেসার্স দেলোয়ার এন্ড ব্রাদার্স’-এর বার্ষিক হালখাতা ও প্রীতিভোজ।
সোমবার সকালে বসুরহাট পেশকারহাট রাস্তার মাথায় অবস্থিত প্রতিষ্ঠানটির কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানটি স্থানীয় ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, গ্রাহক ও শুভানুধ্যায়ীদের মিলনমেলায় পরিণত হয়।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ নুর নবী সিম্যানের সভাপতিত্বে এবং শাহ সিমেন্টের এরিয়া ম্যানেজার দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ সিমেন্টের রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ জাহিদুর রহমান। আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোঃ দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেভেন রিং সিমেন্টের রিজিওনাল ম্যানেজার কামরুল হোসেন, একেএস রড়ের রিজিওনাল ম্যানেজার ফারুক আহমেদ এবং জিপিএইচ ইস্পাতের রিজিওনাল ম্যানেজার সোহেল রানা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন আকিজ ইস্পাতের এরিয়া ম্যানেজার কিশোর কুমার, জিপিএইচ ইস্পাতের এরিয়া ম্যানেজার ফরহাদ হোসেন এবং বসুরহাট হাসপাতাল রোডে মেসার্স দেলোয়ার এন্ড ব্রাদার্সের পরিচালক নুরুল হুদা তামিম’সহ নির্মাণ খাতের শীর্ষস্থানীয় বিভিন্ন কোম্পানির এরিয়া ম্যানেজারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দিনব্যাপী এই আয়োজনে পারস্পরিক আলোচনার পাশাপাশি ছিল মধ্যাহ্নভোজের সুব্যবস্থা। অনুষ্ঠানের শেষভাগে গ্রাহকদের জন্য আয়োজন করা হয় আকর্ষণীয় র্যাফেল ড্র। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মুহূর্তটি পুরো আয়োজনকে আরও আনন্দঘন ও উৎসবমুখর করে তোলে।
বক্তারা বলেন, গ্রাহকদের সঙ্গে দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ককে আরও সুদৃঢ় করা এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যেই এই হালখাতা ও প্রীতিভোজের আয়োজন। প্রতিষ্ঠানের প্রতি গ্রাহকদের অটুট আস্থা ও সহযোগিতার জন্য তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও নিরবচ্ছিন্নভাবে মানসম্মত পণ্য ও সেবা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, শাহ সিমেন্ট, সেভেন রিংস সিমেন্ট ও জিপিএইচ ইস্পাতের নির্ভরযোগ্য পরিবেশক ‘মেসার্স দেলোয়ার এন্ড ব্রাদার্স’ দীর্ঘ দিন ধরে নোয়াখালীর কোম্পানীগঞ্জের পেশকারহাট (রাস্তার মাথা), বসুরহাট (সিটি হাসপাতালের সামনে), ফেনীর দাগনভূঞার দুধমুখা বাজার এবং কবিরহাট জিরো পয়েন্ট ইউনিটের মাধ্যমে সততা ও সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছে।
আপনার মতামত লিখুন :