
নুশরাত রুমু, সদর : সদর উপজেলার দক্ষিণ কাদির হানিফ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২১ পিস ইয়াবাসহ একাধিক অস্ত্র ও মাদক মামলার আসামি মো. ওমর ফারুক সোহানকে (৩৭) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃত সোহান নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের জয়কৃষ্ণপুর এলাকার মৃত মাহাবুবুর রহমানের ছেলে। পুলিশের তথ্যমতে, তার বিরুদ্ধে দুটি অস্ত্র মামলা ও চারটি মাদক মামলা রয়েছে।
পুলিশ জানায়, পুলিশ সুপার টি. এম. মোশাররফ হোসেনের নির্দেশনায় এবং ডিবি পুলিশের সার্বিক তত্ত্বাবধানে মঙ্গলবার (৯ জুন) রাত সাড়ে ১০টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কাদির হানিফ এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে ২১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, সোহান দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল এবং এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবেও পরিচিত।
এ ঘটনায় তার বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ সুপার টি. এম. মোশাররফ হোসেন বলেন, জেলায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমে জনগণকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :