
নুশরাত রুমু, সদর : নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির সিস্টেম লস হ্রাস, কারিগরি সমস্যার সমাধান এবং বিদ্যুৎ সেবার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে বুধবার (১০ জুন) সমিতির বোর্ডরুমে এক কারিগরি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) চট্টগ্রামের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিপ্লব বান্টা। সভাপতিত্ব করেন নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মকবুল আলম।
এ সময় সমিতির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সভায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার দক্ষতা বৃদ্ধি, সিস্টেম লস কমানো, কারিগরি ত্রুটি দ্রুত শনাক্ত ও সমাধান, গ্রাহকসেবার মান উন্নয়ন এবং বিদ্যুৎ সরবরাহ আরও নিরবচ্ছিন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এছাড়া বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্কের কার্যকারিতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ে বিভিন্ন কারিগরি চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। বক্তারা বিদ্যুৎ সেবাকে আরও আধুনিক, কার্যকর ও গ্রাহকবান্ধব করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের মাধ্যমে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির সেবার মান আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
আপনার মতামত লিখুন :