• ঢাকা
  • শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ১২ জুন, ২০২৬

আইএসবিএন নম্বর গ্রহণে সচেতনতা বাড়াতে মাইজদীতে মতবিনিময় সভা

নুশরাত রুমু, সদর : নোয়াখালীর মাইজদীতে গ্রন্থ প্রকাশের ক্ষেত্রে আইএসবিএন (ISBN) নম্বর গ্রহণ এবং গ্রন্থাগারে বই জমাদান বিষয়ে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) এফ. ইসলাম হেরিটেজ আর্কাইভসে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল আর্কাইভস ও গণগ্রন্থাগার অধিদপ্তরের উপপরিচালক জামাল উদ্দিন। তিনি আইএসবিএন নম্বর গ্রহণের প্রক্রিয়া, এর প্রয়োজনীয়তা এবং গ্রন্থাগারে বই জমাদানের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে জামাল উদ্দিন বলেন, একটি বইয়ের আন্তর্জাতিক স্বীকৃতি ও তথ্যভান্ডারে অন্তর্ভুক্তির জন্য আইএসবিএন নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জেলার সাহিত্য ও শিল্পচর্চার প্রতি মানুষের আগ্রহের প্রশংসা করেন এবং স্থানীয় কবি-লেখকদের সৃষ্টিশীল কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে তিনি গ্রন্থাগার ব্যবস্থার আরও উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়ার প্রিন্সিপাল মো. এনামুল হক, চৌমুহানী এসএ কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবুল বাশার এবং কবিরহাট সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. হানিফ।

আলোচনা সভায় অংশ নেন লেখক ও সাবেক অধ্যাপক শিরিন আক্তার, অ্যাডভোকেট গোলাম আকবর, অ্যাডভোকেট এমদাদ হোসেন কৈশোর, লেখক ম. পানা উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, কবি নুশরাত রুমু, সাংবাদিক গাজী রুবেল এবং আয়োজক লেখক, গবেষক ও ইতিহাসবিদ মো. ফখরুল ইসলামসহ আরও অনেকে।

অনুষ্ঠানে উপস্থিত লেখকরা তাদের প্রকাশিত একাধিক গ্রন্থ এফ. ইসলাম হেরিটেজ আর্কাইভসে জমা দেন। বক্তারা গ্রন্থ প্রকাশের ক্ষেত্রে আইএসবিএন নম্বর গ্রহণ এবং বই জমাদান বিষয়ে উপপরিচালকের দিকনির্দেশনামূলক বক্তব্যের প্রশংসা করেন এবং এ উদ্যোগকে সময়োপযোগী ও কার্যকর বলে অভিহিত করেন।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি এফ. ইসলাম হেরিটেজ আর্কাইভসের নবপ্রতিষ্ঠিত পাঠাগারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর