
নুশরাত রুমু, সদর : প্রধানমন্ত্রীর সূচিত “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি”-র অংশ হিসেবে জলবায়ু সহনশীল ও সবুজ বাংলাদেশ গঠনের লক্ষ্যকে সামনে রেখে নোয়াখালী পৌর এলাকায় একটি বিশেষ বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
এই জাতীয় কর্মসূচির আওতায় আগামী ছয় মাসে নোয়াখালী পৌরসভা এলাকায় মোট ১০০০টি বৃক্ষরোপণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, নগর সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এই উদ্যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
শনিবার (১৩ জুন ২০২৬) নোয়াখালী পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে জাতীয় কর্মসূচি বাস্তবায়ন ও পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। এ সময় স্থানীয় পর্যায়ে পরিবেশবান্ধব নগর গঠনের লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করা হয়।
বক্তারা বলেন, সরকারের এই বৃহৎ উদ্যোগ শুধু বৃক্ষরোপণেই সীমাবদ্ধ নয়, বরং এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। স্থানীয় পর্যায়ে এ ধরনের উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে শহরাঞ্চলে সবুজ আচ্ছাদন বৃদ্ধি পাবে এবং পরিবেশগত ঝুঁকি অনেকাংশে হ্রাস পাবে।
উল্লেখ্য, নোয়াখালী পৌরসভা এই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে স্থানীয়ভাবে পরিবেশবান্ধব নগর গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
আপনার মতামত লিখুন :