
নুশরাত রুমু, সদর:
সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের নেয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। বিদ্যালয়ে যাওয়ার উপযুক্ত সড়ক না থাকায় প্রতিদিনই নানা ভোগান্তির শিকার হতে হচ্ছে তাদের।
১৯৩২ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ে যাতায়াতের একমাত্র পথ একটি সরু কাঁচা রাস্তা। রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, খানাখন্দ ও ভাঙাচোরা অংশ থাকায় এটি প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বর্ষাকালে সামান্য বৃষ্টিতেই সড়ক কাদাময় হয়ে যায়। এমনকি শুষ্ক মৌসুমেও রিকশাসহ অন্যান্য যানবাহন চলাচল করতে পারে না।
স্থানীয় বাসিন্দা মো. আবু ইউসুফ স্বপন বলেন, “কোমলমতি শিক্ষার্থীরা প্রতিদিন বিদ্যালয়ে যেতে গিয়ে নানা দুর্ভোগের শিকার হচ্ছে। অনেক সময় কাদা ও পিচ্ছিল রাস্তায় পড়ে গিয়ে আহত হওয়ার ঘটনাও ঘটে।”
আরেক বাসিন্দা মো. সোহান বলেন, “একটি শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের ন্যূনতম সুযোগ-সুবিধা না থাকা অত্যন্ত দুঃখজনক। দ্রুত সড়কটি সংস্কার ও পাকাকরণ করা হলে শিক্ষক-শিক্ষার্থীসহ পুরো এলাকার মানুষের দুর্ভোগ অনেকটাই কমে আসবে।”
অভিভাবকদের অভিযোগ, সড়কের বেহাল অবস্থার কারণে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে যেতে অনাগ্রহী হয়ে পড়ছে। বিশেষ করে ছোট শিশুদের নিরাপত্তা নিয়ে তাদের উদ্বেগ দিন দিন বাড়ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফারহানা বেগম বলেন, “প্রতিদিন বিদ্যালয়ে পৌঁছাতে আমাদের চরম কষ্ট সহ্য করতে হয়, যার প্রভাব শিক্ষা কার্যক্রমের ওপরও পড়ছে।” তিনি জানান, সড়কটি নির্মাণের জন্য একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হলেও এখনো দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোমায়রা ইসলাম বলেন, “স্কুলের সড়কের এমন বেহাল অবস্থার কথা আমাদের জানানো হয়নি। আপনার মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।”
আপনার মতামত লিখুন :