• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৬ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৬ জুন, ২০২৬

কোম্পানীগঞ্জে খিদমাতুল কুরআন মাদরাসার নতুন ছবক ও দোয়া মাহফিল

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : পড় তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন” এই পবিত্র বাণীকে সামনে রেখে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটের করালিয়ায় অবস্থিত খিদমাতুল কুরআন মাদরাসায় নতুন ছবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বজয়ী হাফেজ কারী তানভীর হোসাইন। তিনি শিক্ষার্থীদের নতুন ছবক প্রদান করেন এবং কুরআন শিক্ষার গুরুত্ব ও হিফজের ফজিলত সম্পর্কে মূল্যবান আলোচনা করেন।

এ সময় তিনি বলেন, “কুরআনের আলোয় আলোকিত একটি আদর্শ প্রজন্ম গড়ে তুলতে হলে শিশুদের ছোটবেলা থেকেই দ্বীনি শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করতে হবে। কুরআনের শিক্ষা মানুষের জীবনকে সুন্দর, শৃঙ্খলাবদ্ধ ও কল্যাণময় করে তোলে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফেজ ইয়াছিন, মাস্টারপাড়া দারুল উলূম একাডেমি মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা মোতালেব হোসাইন এবং হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উপজেলা সেক্রেটারি হাফেজ আব্দুল্লাহ আল মামুন।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক কমিশনার নুর উদ্দিন এবং বিশিষ্ট সমাজসেবক রাশেদ রানা পিনু।

বক্তারা বলেন, কুরআন শিক্ষা শুধু পরকালের মুক্তির পথ নয়, বরং একটি নৈতিক, মানবিক ও আদর্শ সমাজ প্রতিষ্ঠার অন্যতম ভিত্তি। তারা শিক্ষার্থীদের কুরআনের শিক্ষাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে ধারণ ও বাস্তবায়নের আহ্বান জানান।

অনুষ্ঠানে স্থানীয় উলামায়ে কেরাম, শিক্ষাবিদ, অভিভাবক, সুধীজন ও বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সবশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর