
মোহমদ হানিফ, স্টাফ রিপোর্টার : সোনাইমুড়ীতে গণপিটুনিতে নিহত ক্ষুদ্র ব্যবসায়ী মো. ফয়েজ উদ্দিনের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিরপরাধ মানুষকে হয়রানি না করার দাবিতে মানববন্ধন করেছেন স্বজন, আত্মীয়-স্বজন ও এলাকাবাসী।
সোমবার (১৫ জুন) সকাল ১০টায় উপজেলার নদনা বাজার এলাকায় অনুষ্ঠিত এ মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ অংশ নেন। নিহতের পরিবার, স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে সংহতি প্রকাশ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সমাজ থেকে মাদক নির্মূলের দাবি সবার কিন্তু সেই নামে কোনো ব্যক্তি বা গোষ্ঠী আইন নিজের হাতে তুলে নিতে পারে না। কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগের। বিচারবহির্ভূত কোনো কর্মকাণ্ড সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না।
বক্তারা অভিযোগ করেন, ফয়েজ উদ্দিন হত্যাকাণ্ডের ঘটনায় এলাকার সাধারণ মানুষ গভীরভাবে উদ্বিগ্ন। তারা চান প্রকৃত ঘটনা উদঘাটন হোক এবং যারা সরাসরি এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হোক। একইসঙ্গে তদন্তের নামে নিরীহ ও নিরপরাধ কোনো ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা।
মানববন্ধনে নিহতের স্বজনরা আবেগঘন বক্তব্যে বলেন, “আমরা প্রতিহিংসা চাই না, আমরা ন্যায়বিচার চাই। আমাদের পরিবারের একজন উপার্জনক্ষম সদস্যকে হারিয়েছি। যারা এই ঘটনার জন্য দায়ী, তাদের বিচার হোক। তবে কোনো নিরপরাধ মানুষ যেন ভুলভাবে অভিযুক্ত না হন।
এলাকাবাসীর পক্ষ থেকে বক্তারা আরও বলেন, একটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা যেমন জরুরি, তেমনি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনও সমান গুরুত্বপূর্ণ। কারণ ভুল তদন্ত বা হয়রানি নতুন করে সামাজিক বিভেদ ও অস্থিরতার জন্ম দিতে পারে।
তারা দ্রুত মামলার তদন্ত শেষ করে প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে যাতে কোনো ব্যক্তি বা গোষ্ঠী আইন নিজের হাতে তুলে নেওয়ার সাহস না পায়, সে জন্য দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান।
গত ১১ জুন রাতে উপজেলার উত্তর শাকতলা এলাকায় মো. ফয়েজ উদ্দিনকে মারধরের অভিযোগ ওঠে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করেছে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :