• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৬ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৬ জুন, ২০২৬

কোম্পানীগঞ্জে এক রাতে ৩ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জ উপজেলায় এক রাতের  পৃথক তিনটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। উপজেলার বসুরহাট পৌরসভা ও চরকাঁকড়া ইউনিয়নের পৃথক তিনটি বাড়িতে এই দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এই সময় মুখোশধারী ও সশস্ত্র ডাকাত দল ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে  স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ লাখ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। একই রাতে একাধিক বাড়িতে এমন ডাকাতির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গত রোববার গভীর রাতে ৮ থেকে ১০ জনের একটি মুখোশধারী ডাকাত দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে প্রথমে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নুরুজ্জামান পন্ডিতের বাড়ি এবং একই এলাকার মন্নান মিয়ার বাড়িতে হানা দেয়। সেখানে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতি শেষে ডাকাত দলটি বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের আবদুল হালিমের নতুন বাড়িতেও একই কায়দায় তাণ্ডব চালায়।

ভুক্তভোগীরা জানান, ডাকাতরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মুহূর্তের মধ্যে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি ও অবরুদ্ধ করে ফেলে। পরে আলমারি ও ওয়্যারড্রব ভেঙে সর্বস্ব লুটে নেয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, তিনটি বাড়ি থেকে সব মিলিয়ে প্রায় ৬ ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ ২ লাখ ৭০ হাজার টাকা লুট করা হয়েছে। এর মধ্যে আবদুল হালিমের বাড়ি থেকেই প্রায় ২ ভরি স্বর্ণ ও নগদ ২ লাখ টাকা এবং বাকি দুটি বাড়ি থেকে ৪ ভরি স্বর্ণ ও ৭০ হাজার টাকা লুট হয়।

এদিকে, থানা এলাকার এত কাছাকাছি ঘনবসতিপূর্ণ এলাকায় এক রাতে পরপর তিনটি বাড়িতে এমন দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নৈশকালীন পুলিশি টহল ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। তারা দ্রুত এলাকায় নিরাপত্তা জোরদার করার দাবি জানান।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল হাকিম জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে জড়িতদের শনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের অভিযান চলছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর