
নুশরাত রুমু, সদর : প্রান্তিক নারীদের ক্ষমতায়ন, কর্মমুখী কার্যক্রমে অংশগ্রহণ বৃদ্ধি এবং জলবায়ুজনিত জেন্ডারভিত্তিক সহিংসতা থেকে সুরক্ষার লক্ষ্যে নোয়াখালী সদরে ‘মর্যাদার সাথে সহনশীলতা’ শীর্ষক দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালা শেষে ১০টি পল্লী মাতৃকেন্দ্রের (আরএমসি) সদস্যদের মাঝে বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।
সোমবার (১৫ জুন) জেলা সমাজসেবা কার্যালয়ে তৃণমূল পর্যায়ে পল্লী মাতৃকেন্দ্রগুলোকে (আরএমসি) আরও কার্যকর ও শক্তিশালী করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জেড. এম. মিজানুর রহমান খান।
বিশেষ অতিথি ছিলেন সহকারী পরিচালক মোহাম্মদ আবদুর রহমান ও মোহাম্মদ আবুল কাশেম, জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) নোয়াখালী প্রতিনিধি সাদিয়া সামরিন হৃদি এবং প্রান-এর কর্মকর্তাবৃন্দ।
জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ)-এর সহায়তায় উন্নয়ন সংস্থা পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক (প্রান) এবং অ্যাকশনএইড বাংলাদেশ যৌথভাবে কর্মশালার আয়োজন করে। এতে নোয়াখালী সদর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের পরিচালিত ১০টি পল্লী মাতৃকেন্দ্রের ১০০ জন নারী সদস্য এবং জেলা ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তারা অংশগ্রহণ করে।
কর্মশালায় নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানসিক স্বাস্থ্য সুরক্ষার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এ সময় জানানো হয়, পারিবারিক, সামাজিক ও জেন্ডারভিত্তিক বিভিন্ন কারণে সৃষ্ট মানসিক ও মনোসামাজিক সমস্যার সমাধানে প্রান-এর নারী নেতৃত্বাধীন কমিউনিটি সেন্টারে (WLCC) বিনা মূল্যে মানসিক ও মনোসামাজিক সহায়তা প্রদান করা হচ্ছে। যেকোনো মানসিক সংকটে নারীদের এই সেবা গ্রহণের আহ্বান জানান সংশ্লিষ্টরা।
কর্মশালা শেষে সদর উপজেলার ১০টি পল্লী মাতৃকেন্দ্রের সভানেত্রীদের হাতে আনুষ্ঠানিকভাবে হোয়াইটবোর্ড, বিছানা, রেজিস্টার খাতা, হাতপাখা, গামছা, সচেতনতামূলক লিফলেট এবং প্রয়োজনীয় স্টেশনারি সামগ্রীসহ বিভিন্ন উপকরণ তুলে দেওয়া হয়।
আপনার মতামত লিখুন :