
উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ : বেগমগঞ্জে চাঁদা দাবিকে কেন্দ্র করে এক ভাঙারি ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. নুরের রহমান বেগমগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের সুলতানপুর হানিফ ভূঁইয়া স্কুল অ্যান্ড কলেজের একটি পুরাতন টিনশেড ঘর নিলামের আয়োজন করা হয়। নিলামে স্থানীয় কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে অংশ নিয়ে সর্বোচ্চ ৭২ হাজার টাকায় ঘরটি ক্রয়ের সুযোগ পান নুরের রহমান।
এ ঘটনায় নিলামে অংশ নেওয়া অপর একটি পক্ষ ক্ষুব্ধ হয়ে পড়ে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে রোববার সকালে অভিযুক্তরা নুরের রহমানের বাড়ির সামনে গিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় তাকে মারধর করে গুরুতর আহত করা হয় এবং এক লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
স্থানীয়রা জানান, হামলায় আহত নুরের রহমানকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
লিখিত অভিযোগে আরও বলা হয়েছে, এর আগেও অভিযুক্তরা নুরের রহমানের কাছে চাঁদা দাবি করেছিলেন। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে তার ওপর হামলা চালানো হয়। একপর্যায়ে তার ভাই বাধা দিতে গেলে তাকেও মারধর করা হয় এবং গুরুতর আহত অবস্থায় চিকিৎসা নিতে হয়।
ভুক্তভোগীর দাবি, অভিযুক্তরা মামলা বা অভিযোগ করলে তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিও দিয়েছেন।
এ ঘটনায় নুরের রহমান বাদী হয়ে রুবেল, শহীদ ও সোহাগের নাম উল্লেখ করে বেগমগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বেগমগঞ্জ মডেল থানার পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :