
মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগ উপজেলার চাঁদপুর উচ্চ বিদ্যালয়ে ইভটিজিংয়ের অভিযোগে তিন বহিরাগত যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। একই ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিদ্যালয়ের দুই ছাত্রীকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (১৭ জুন) সকাল ১০টার দিকে বিদ্যালয় ক্যাম্পাস থেকে তাদের আটক করা হয়।
আটক যুবকরা হলেন পশ্চিম চাঁদপুর গ্রামের সোলেমানের ছেলে মোহাম্মদ হাসান ওরফে দুলাল (১৭), নুরে জ্জামানের ছেলে ইউসুফ ওরফে ফাহিম (১৮) এবং বাতানিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (১৮)। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের সেনবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, বিদ্যালয় প্রাঙ্গণে সন্দেহজনকভাবে অবস্থান ও শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার অভিযোগে তাদের আটক করা হয়। ঘটনার পর বিষয়টি নিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
এদিকে, ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে বিদ্যালয়ের দুই ছাত্রীকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।
চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তার হোসেন ইকবাল বলেন, “বিদ্যালয়ের শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আটক তিন বহিরাগতকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং অভিযুক্ত দুই ছাত্রীর বিরুদ্ধে বিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।”
সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুর রহিম সরকার বলেন, “বিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে তিনজনকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বয়স ও ঘটনার বিষয়ে যাচাই-বাছাই করা হচ্ছে। বিষয়টি আইনানুগ প্রক্রিয়াধীন রয়েছে।”
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :