
স্টাফ রিপোর্টার : সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সমাজসেবক সুমন চন্দ্র ভৌমিক। তিনি বলেছেন, মাদকমুক্ত সমাজই হোক তারুণ্যের অহঙ্কার।
এক বিবৃতিতে তিনি বলেন, বর্তমানে মাদকের বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে তরুণ ও কিশোররা এই মরণনেশার শিকার হওয়ায় ভবিষ্যৎ প্রজন্ম হুমকির মুখে পড়ছে। এমনকি স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের মধ্যেও মাদকের প্রভাব দেখা যাচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
সুমন চন্দ্র ভৌমিক বলেন, অনেক ক্ষেত্রেই প্রশাসনের নাকের ডগায় মাদকের কারবার চললেও তা কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এলাকার সাধারণ মানুষ মাদকের আখড়াগুলো সম্পর্কে অবগত থাকলেও দিনের পর দিন এসব অপরাধ কর্মকাণ্ড অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের অর্থ জোগাড় করতে গিয়ে অনেকেই চুরি, ছিনতাইসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপর।
তিনি বলেন, সমাজের অধিকাংশ মানুষ অপরাধপ্রবণ নয়। কিন্তু অল্প কয়েকজন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীর কারণে সমাজে বিষাক্ত পরিবেশ সৃষ্টি হচ্ছে এবং জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে।
মাদক নির্মূলে প্রশাসনের আন্তরিকতা ও কঠোর পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করে সুমন চন্দ্র ভৌমিক বলেন, চিহ্নিত মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা গেলে মাদকের বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব হবে। একই সঙ্গে সচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :