
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, নোবিপ্রবি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীর সঙ্গে নোয়াখালী ও বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে আসন্ন বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে সাংবাদিকদের মূল্যবান পরামর্শ গ্রহণ এবং নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে পরিচিতিমূলক এ সভার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।
মতবিনিময় সভায় উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, “আজ শতাধিক সাংবাদিক আমাদের আহ্বানে সাড়া দিয়ে উপস্থিত হয়েছেন, এজন্য আমি আপনাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আগামী ২২ জুন নোবিপ্রবির বিশ্ববিদ্যালয় দিবস। নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হবে।”
তিনি জানান, দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া ৪৯ জন শিক্ষক ও শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড এবং তিনটি ক্যাটাগরিতে তিনজনকে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
উপাচার্য আরও বলেন, সাংবাদিকদের আলোচনায় উঠে আসা বিষয়গুলো পর্যায়ক্রমে সমাধানের চেষ্টা করা হবে। শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে বিশ্ববিদ্যালয় পরিচালনার লক্ষ্যে প্রশাসন কাজ করছে। আগামী অর্থবছরে অবকাঠামোগত উন্নয়নের জন্য বেশ কয়েকটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে একাডেমিক ভবন-৩ নির্মাণ প্রকল্প বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের ক্লাস ও ল্যাবসংক্রান্ত অনেক সমস্যার সমাধান হবে।
তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ে একটি স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সোনাপুর থেকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাংলাবাজার পর্যন্ত সড়ক চার লেনে উন্নীত করা হলে শিক্ষার্থীদের যাতায়াতে সুবিধা হবে এবং যানজট কমবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সমস্যাগুলো সংশ্লিষ্ট সকল অংশীজনের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সমাধান করা হবে।
সভায় উপস্থিত উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, অতীতে সাংবাদিকরা যেভাবে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সহযোগিতা করেছেন, ভবিষ্যতেও সেই সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিশ্ববিদ্যালয় পরিচালনায় সাংবাদিকদের যেকোনো গঠনমূলক পরামর্শ সাদরে গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
নোবিপ্রবি জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. গাজী মো. মহসিনের সঞ্চালনায় অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :