
স্টাফ রিপোর্টার : বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষে বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদের আয়োজনে রাজধানীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালা। শনিবার (২১ জুন) বিকাল ৪টায় রাজধানীর সেগুনবাগিচার কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে সুরের ধারা-এর শিল্পীরা জাতীয় সংগীত পরিবেশন করেন। পরে উদ্বোধনী বক্তব্য শেষে বেলুন উড়িয়ে অনুষ্ঠানমালার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট বাচিক শিল্পী ও সংস্কৃতিজন আশরাফুল আলম। উদ্বোধনের পর ঢাক-ঢোলের তালে বর্ণাঢ্য শোভাযাত্রা কচি-কাঁচার মেলা প্রাঙ্গণ থেকে বের হয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা প্রদক্ষিণ করে পুনরায় অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়।
বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত আলোচনা পর্বে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র শীল। আলোচনায় অংশ নেন একুশে পদকপ্রাপ্ত সুরস্রষ্টা, সঙ্গীত পরিচালক ও সংস্কৃতিজন শেখ সাদী খান এবং স্বাধীনতা পদকপ্রাপ্ত বিশিষ্ট বাচিক শিল্পী আশরাফুল আলম।
আলোচনায় আশরাফুল আলম বলেন, “সারাবিশ্বের লোকসঙ্গীতের মধ্যে বাংলাদেশের লোকসঙ্গীতই শ্রেষ্ঠ। সঙ্গীতের মাধ্যমে আমাদের ঐতিহ্যকে বিশ্বদরবারে তুলে ধরতে হবে।” অন্যদিকে শেখ সাদী খান বলেন, “সঙ্গীত মানুষকে বেঁচে থাকার অনুপ্রেরণা দেয়। তাই সঙ্গীতকে আত্মস্থ করে শুদ্ধভাবে চর্চা করা প্রয়োজন।”
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি ও একুশে পদকপ্রাপ্ত গণসংগীত শিল্পী মাহমুদ সেলিম।
পরে বিকাল ৫টা থেকে শুরু হয় সঙ্গীত ও নৃত্যানুষ্ঠান। উদ্বোধনী পরিবেশনায় দলীয় নৃত্য উপস্থাপন করে স্পন্দন। এছাড়া একক ও দলীয় সঙ্গীত পরিবেশন করে সুরের ধারা, নিবেদন, গীতশতদল, অভ্যূদয়, রাধারমণ সংস্কৃতি চর্চা কেন্দ্র, বিশ্ববীণা, সঙ্গীত ভবন, নির্ঝরিণী একাডেমী, বুলবুল ললিতকলা একাডেমী ওয়াইজঘাট, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, মরমী লোকগীতি শিল্পীগোষ্ঠী এবং দেলোয়ার হোসেন বয়াতী ও তার দল।
আয়োজকরা জানান, আজ ২২ জুন বিকাল সাড়ে ৪টায় আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আকরামুল ইসলাম। একই দিন বিকাল ৫টা থেকে বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদের অন্তর্ভুক্ত বিভিন্ন সংগঠনের শিল্পীদের অংশগ্রহণে দলীয় ও একক সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে।
আপনার মতামত লিখুন :