• ঢাকা
  • বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৩ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৩ জুন, ২০২৬

চাটখিলে গৃহবধূ রিপার মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ ও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

চাটখিল প্রতিনিধি : চাটখিল উপজেলার শাহাপুর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের গৃহবধূ ফাহিমা আক্তার রিপার মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।

মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টায় চাটখিলের সোমপাড়া বাজারে অনুষ্ঠিত এ মানববন্ধনে রিপার পরিবার-পরিজন, স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন ‘মানুষ মানুষের জন্য’ সংগঠনের সভাপতি এমরান হোসেন সোহাগ, রিপার বাবা সালাউদ্দিন রুমন, মা পারভিন আক্তার, চাচা রাজু হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা অভিযোগ করেন, রিপার মৃত্যুর চার দিন পার হলেও অজ্ঞাত কারণে পুলিশ এখনো মামলা গ্রহণ করেনি। তাদের দাবি, এ কারণে অভিযুক্তরা প্রকাশ্যে চলাফেরা করছে এবং ন্যায়বিচার প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। তারা দ্রুত মামলা গ্রহণ করে অভিযোগে উল্লেখিত ব্যক্তিদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

পরিবারের সদস্যদের দাবি, গত শুক্রবার বিকেলে রিপার দেবর ও শাশুড়ি তার ওপর শারীরিক নির্যাতন চালান, যার ফলে তার মৃত্যু হয়। পরে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে প্রচারের চেষ্টা করা হয়েছে বলেও তারা অভিযোগ করেন। তাদের ভাষ্য অনুযায়ী, স্থানীয়রা রিপার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পান।

ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। নিহতের বাবা থানায় মামলা করতে গেলেও এখন পর্যন্ত তা গ্রহণ করা হয়নি বলে মানববন্ধনে অভিযোগ করা হয়।

তবে এ বিষয়ে পুলিশের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আরও পড়ুন

  • . এর আরও খবর