
নুশরাত রুমু, সদর : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে মাইজদীতে আলোচনা সভা ও যোগব্যায়াম প্রদর্শনীর মাধ্যমে দিনটি উদযাপন করা হয়েছে।
২১ জুন (রোববার) বড় মসজিদ মার্কেটের Women’s Priority Fitness World জিম সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন বয়সী নারী অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক কামরুন্নাহার। বিশেষ অতিথি ছিলেন কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কোয়ান্টাম গ্র্যাজুয়েট ফাহিমা আক্তার।
বক্তারা বলেন, নিয়মিত যোগব্যায়াম কেবল শরীরকে সুস্থ রাখে না, বরং মানসিক চাপ কমিয়ে কর্মক্ষমতা বৃদ্ধি এবং ইতিবাচক জীবনধারা গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমান প্রজন্মের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে একসঙ্গে কাজ করার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
Women’s Priority Fitness World-এর পরিচালক ও যোগ প্রশিক্ষক সালমা জাহান কাজল জানান, ২০১৮ সাল থেকে তিনি নোয়াখালী জেলায় বিনামূল্যে যোগব্যায়াম প্রশিক্ষণ দিয়ে আসছেন। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বৃদ্ধাশ্রম ও এতিমখানাতেও নিয়মিত বিনামূল্যে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, “শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক প্রশান্তি অর্জনের জন্য যোগব্যায়াম অত্যন্ত কার্যকর। একটি সুস্থ সমাজ ও উন্নত জাতি গঠনের জন্য মানুষের মানসিক ও শারীরিক সুস্থতা নিশ্চিত করা জরুরি।”
আয়োজক সূত্রে জানা যায়, Women’s Priority Fitness World জিম সেন্টারের বর্তমানে প্রায় ৯০০ সদস্য রয়েছেন। তাদের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং নানা পেশার সচেতন নাগরিক রয়েছেন। বিভিন্ন শারীরিক সমস্যার ক্ষেত্রে অনেক বিশেষজ্ঞ চিকিৎসকও রোগীদের পরামর্শের অংশ হিসেবে এখানে যোগব্যায়াম ও ফিটনেস কার্যক্রমে অংশ নিতে উৎসাহিত করেন।
অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীরা সম্মিলিতভাবে যোগব্যায়াম অনুশীলন করেন এবং সুস্থ, সচেতন ও ভারসাম্যপূর্ণ জীবন গঠনে নিয়মিত যোগচর্চার গুরুত্ব তুলে ধরেন।
আপনার মতামত লিখুন :