
মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগে নেশার জন্য টাকা না পেয়ে মাশরাফি নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রকে দলবদ্ধভাবে মারধরের অভিযোগ উঠেছে। হামলার পর অভিযুক্ত কিশোরদের একটি দল নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
নির্যাতনের শিকার মাশরাফি ছিলোনীয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। তিনি উপজেলার উত্তর গোরকাটা গ্রামের নাদুমিয়া বাড়ির সৌদি প্রবাসী নুরুল আজমের ছেলে।
মাশরাফির খালাতো ভাই ইয়াকুব হোসেন বাবু জানান, গতকাল সন্ধ্যায় প্রাইভেট পড়া শেষে মাশরাফি নিজ বাড়ি উত্তর গোরকাটায় ফিরছিল। পথে কাদরা ফরিদ মেম্বার বাড়ি সংলগ্ন এলাকায় পৌঁছালে একদল কিশোর তার পথরোধ করে নেশার জন্য টাকা দাবি করে। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা অতর্কিতভাবে তার ওপর হামলা চালিয়ে দলবদ্ধভাবে মারধর করে গুরুতর আহত করে।
পরিবার সূত্রে জানা যায়, লোকলজ্জার ভয়ে আহত মাশরাফি প্রথমে পরিবারের সদস্যদের কাছে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার কথা বলেছিল। তবে পরে হামলাকারীদের ছড়িয়ে দেওয়া নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে পরিবারের সদস্যরা ঘটনার প্রকৃত বিষয় জানতে পারেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত কিশোরদের মধ্যে দুই থেকে তিনজনের বাড়ি কাদরা ফরিদ মেম্বার বাড়ি এলাকায় এবং বাকিরা আশপাশের এলাকার বাসিন্দা।
এ ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুর রহিম সরকার জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :