
সাইফুল ইসলাম নিশাত, কবিরহাট : কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোশারফ হোসেনকে পরিকল্পিতভাবে অপহরণ করে একটি কক্ষে আটকে রেখে অশ্লীল ছবি ও ভিডিও ধারণ, অর্থ আদায় এবং ব্ল্যাকমেইলের অভিযোগ উঠেছে জেলা যুব মহিলা লীগের সদস্য ও সেনবাগ উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক নাজমুন নাহার পারভীনের বিরুদ্ধে।
শুক্রবার (২৬ জুন) দুপুরে কবিরহাট উপজেলার জনতা বাজারে স্থানীয় বিএনপি কার্যালয়ে ধানসিঁড়ি ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন মোশারফ হোসেন।
লিখিত বক্তব্যে তিনি জানান, গত ২৮ ফেব্রুয়ারি ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নিতে গেলে হাসপাতাল থেকে বের হওয়ার পর দুই ব্যক্তি তার পরিচয় নিশ্চিত করে চা খাওয়ার কথা বলে তাকে জোরপূর্বক একটি গাড়িতে তুলে নিয়ে যায়। পরে তাকে একটি বহুতল ভবনের একটি কক্ষে আটকে রাখা হয়।
মোশারফ হোসেনের দাবি, কিছুক্ষণ পর ওই কক্ষে নাজমুন নাহার পারভীন প্রবেশ করেন। এ সময় তার সঙ্গে আরও একজন ব্যক্তি ছিলেন। তিনি অভিযোগ করেন, তাকে জোরপূর্বক বিবস্ত্র করে ছবি ও ভিডিও ধারণ করা হয় এবং পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ দাবি করা হয়।
তার অভিযোগ অনুযায়ী, প্রথমে ১০ লাখ টাকা দাবি করা হয়। পরে তার কাছে থাকা ৩০ হাজার টাকা নিয়ে নেওয়া হয় এবং তাকে দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিকাশের মাধ্যমে আরও ৯০ হাজার টাকা সংগ্রহ করা হয়। পাশাপাশি কয়েকটি ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয় বলেও তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, পরবর্তীতে হোয়াটসঅ্যাপে বিভিন্ন সময় যোগাযোগ করে আরও টাকা দাবি করা হয় এবং বিষয়টি প্রকাশ করলে তাকে হত্যার হুমকি ও ভিডিও প্রকাশের ভয় দেখানো হয়।
মোশারফ হোসেন জানান, এ ঘটনায় তিনি কবিরহাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। একই সঙ্গে তিনি তার দল বিএনপির নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ জানান এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত বিএনপি নেতারা অভিযোগ করেন, অভিযুক্ত ও তার সহযোগীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তারা বলেন, অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের শাস্তির আওতায় আনা হোক।
সংবাদ সম্মেলনে ধানসিঁড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস ছালাম মেম্বার, যুবদলের আহ্বায়ক মো. সালাউদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেদোয়ান হোসেন সুমন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন
আপনার মতামত লিখুন :