
নুশরাত রুমু, সদর : মাইজদীতে বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬-এর প্রথম দিনের কাগজপত্র যাচাইকরণ ও শারীরিক মাপ পরীক্ষার কার্যক্রম সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
শনিবার (২৭ জুন) সকালে মাইজদী পুলিশ লাইন্সে জেলা পুলিশের আয়োজনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম তদারকি করেন পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি এন এম নাসিরুদ্দিন।
কাগজপত্র যাচাইকরণ ও শারীরিক মাপ পরীক্ষা শেষে যোগ্য প্রার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন পুলিশ সুপার। তিনি বলেন, নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের আর্থিক লেনদেন, দালাল চক্রের প্রলোভন কিংবা অসাধু তৎপরতার সুযোগ নেই। প্রার্থীদের এসব থেকে সম্পূর্ণ বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতেই সম্পূর্ণ নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে।
তিনি আরও বলেন, জেলা পুলিশ একটি মেধাভিত্তিক, স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে সকল প্রার্থীর সহযোগিতা, শৃঙ্খলা ও ইতিবাচক অংশগ্রহণের জন্য জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (পিআইএমএস) শারমিন আক্তার, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন, নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য, পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক মনোনীত প্রতিনিধি, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং মেডিকেল বোর্ডের সদস্যরা।
জেলা পুলিশ জানিয়েছে, নিয়োগ কার্যক্রমের প্রতিটি ধাপ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :