
উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ : বেগমগঞ্জে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে বেগমগঞ্জ উপজেলার গোপালপুর আলী হায়দার স্কুল মাঠে গোপালপুর ইয়ুথ ক্লাবের উদ্যোগে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজকে খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানিমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বেগমগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এস. এম. শাহাবুদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক আব্দুর রহমান, নোয়াখালী টেলিভিশন সাংবাদিক ফোরামের কার্যকরী সভাপতি মানিক ভূঁইয়া, খুরশিদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলাউদ্দিন মামুন এবং গোপালপুর ফাউন্ডেশনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার নুর নবীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় ডাইনামিক রাইডারস ক্লাব ও বেতুয়াবাগ একাদশ মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে ডাইনামিক রাইডারস ক্লাব ১-০ গোলের ব্যবধানে বেতুয়াবাগ একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। এ সময় বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের খেলাধুলা ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা গেলে মাদকের ভয়াবহতা থেকে সমাজকে অনেকাংশে রক্ষা করা সম্ভব।
আপনার মতামত লিখুন :