
মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগ সরকারি ডিগ্রি কলেজে এইচএসসি-২০২৬ পরীক্ষার প্রবেশপত্র (এডমিট কার্ড) বিতরণে অনিয়মের অভিযোগ তুলে কলেজের অফিস কক্ষের কলাপসিবল গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন পরীক্ষার্থীরা।
রোববার (২৮ জুন) দুপুরে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত সব পরীক্ষার্থীর হাতে প্রবেশপত্র তুলে দেওয়ার দাবি জানান।
পরীক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষা শুরু হতে মাত্র তিন দিন বাকি থাকলেও এখনও অনেক শিক্ষার্থী প্রবেশপত্র পাননি। কলেজ কর্তৃপক্ষ কয়েক দফা তারিখ দিলেও নির্ধারিত সময়ে প্রবেশপত্র বিতরণ করা হয়নি। এছাড়া টোকেনের মাধ্যমে অর্থের বিনিময়ে প্রবেশপত্র দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, “দুর্নীতি আর চলবে না। শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করতে হবে। দ্রুত সকল পরীক্ষার্থীর হাতে প্রবেশপত্র পৌঁছে দিতে হবে।”
এদিকে একই দিন সকালে সেনবাগ উপজেলা ছাত্রদলের উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো এবং শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি পালন করা হয়।
তবে অফিস কক্ষে তালা দেওয়ার ঘটনার বিষয়ে উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ সানা উল্লাহ ভিন্ন বক্তব্য দেন। তিনি বলেন, কলেজের এক শিক্ষার্থীকে জরিমানা করাকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে অফিস ভবনের গেটে তালা ঝুলিয়ে দেয়। পরে বিষয়টি মীমাংসা হলে শিক্ষার্থীরা তালা খুলে দেয়।
এ বিষয়ে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল রহিম সরকার বলেন, “বিষয়টি সম্পর্কে আমি অবগত নই।”
ঘটনার বিষয়ে বক্তব্য জানতে কলেজের অধ্যক্ষের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ থাকায় তাঁর মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।
কলেজ কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।
আপনার মতামত লিখুন :