• ঢাকা
  • মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৯ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৯ জুন, ২০২৬

পশ্চিম শুল্যকিয়া শর্ত ভেঙে বন্দোবস্তের জমি বিক্রির অভিযোগ

নুশরাত রুমু, সদর : সদর উপজেলায় সরকারের বন্দোবস্ত দেওয়া ভূমির কবুলিয়তের শর্ত ভঙ্গ করে একই সম্পত্তি পুনরায় বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং বন্দোবস্ত বাতিলের দাবি জানিয়েছেন অভিযোগকারী।

এ বিষয়ে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলার পশ্চিম শুল্যকিয়া গ্রামের জহুরুল হকের ছেলে মিলন মিয়া। অভিযোগে তিনি উল্লেখ করেন, স্থানীয় বদু মিয়ার ছেলে ফারুক আহম্মদের সঙ্গে বন্দোবস্তপ্রাপ্ত একটি জমি ক্রয়সংক্রান্ত চুক্তি সম্পাদন করেন তিনি।

অভিযোগে বলা হয়, ফারুক আহম্মদ তাকে জানান, সরকারের কাছ থেকে তিনি সংশ্লিষ্ট মৌজার একটি ভূমি ৯৯ বছরের জন্য বন্দোবস্ত পেয়েছেন। জরুরি অর্থের প্রয়োজনের কথা বলে তিনি জমির দখল ও ভোগস্বত্ব হস্তান্তরের প্রস্তাব দেন। পরে ১০ লাখ টাকা মূল্য নির্ধারণ করা ওই সম্পত্তির বিপরীতে নগদ ও বিভিন্ন মাধ্যমে মোট ৭ লাখ টাকা গ্রহণ করেন। অভিযোগে আরও বলা হয়, টাকা গ্রহণের পর ফারুক আহম্মদ জমির দখল বুঝিয়ে দিয়ে নিজেকে ওই সম্পত্তির স্বত্ব থেকে সরে গেছেন বলে জানান।

মিলন মিয়া অভিযোগ করেন, এরপর থেকে তিনি কয়েক বছর ধরে শান্তিপূর্ণভাবে জমিটি ভোগদখল ও চাষাবাদ করে আসছিলেন। কিন্তু সম্প্রতি তিনি জানতে পারেন, গত ১১ জুন ২০২৬ তারিখে ফারুক আহম্মদ একই সম্পত্তি খুরশিদ আলমের কাছে সাফকবলা দলিলের মাধ্যমে বিক্রি করেছেন। তার দাবি, এ কাজ সরকারের ভূমি বন্দোবস্ত নীতিমালা এবং কবুলিয়তের ১১ নম্বর শর্তের লঙ্ঘন ও প্রতারণার শামিল।

এ ঘটনায় কবুলিয়তের শর্ত ভঙ্গের দায়ে ফারুক আহম্মদের বন্দোবস্ত বাতিল এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারী মিলন মিয়া।

আরও পড়ুন

  • . এর আরও খবর