
উপজেলা প্রতিনিধি, চাটখিল: জেলার চাটখিল থানা পুলিশের বিশেষ অভিযানে থাইল্যান্ডি জুয়া চক্রের মূল হোতাসহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার ৩০ জুন চাটখিল থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। জানা যায়, উপজেলার ৩নং পরকোট ইউনিয়নের দশঘরিয়া বাজার এলাকায় একটি চায়ের দোকানে থাইল্যান্ডি জুয়ার আসর বসানোর সময় ৬ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় জুয়ার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন—আব্দুস ছাত্তার, সোহেল হোসেন, নুর নবী, কবির হোসেন, ইকবাল এবং টিপু সুলতান।
অন্যদিকে, ঢাকার বিমানবন্দর এলাকা থেকে ৫ বছরের সাজাপ্রাপ্ত জিআর মামলার আসামি আরমান হোসেন রাজুকে গ্রেফতার করা হয়। এছাড়া পৃথক অভিযানে জিআর পরোয়ানাভুক্ত আসামি ইব্রাহিম খলিল (ইমন) এবং ধর্ষণ চেষ্টা মামলার আসামি আনোয়ার হোসেনকে আটক করা হয়েছে।
এছাড়াও খিলপাড়া ইউনিয়নের মল্লিকাদীঘির পাড় এলাকা থেকে ইয়াছিন আরাফাত সৌরভ নামে এক যুবককে গাঁজাসহ আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল মোন্নাফ জানান, “অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং চাটখিলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”
আপনার মতামত লিখুন :