• ঢাকা
  • বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩০ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ৩০ জুন, ২০২৬

প্রবাসীর বাড়িতে কিশোর গ্যাংয়ের হামলার অভিযোগ, সাংবাদিকসহ আহত-৪

উপজেলা সংবাদদাতা, বেগমগঞ্জ: বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের মহবুল্যাহপুর হাওলাদার বাড়িতে চাঁদা দাবিকে কেন্দ্র করে এক প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রবাসী আবু সুজন, তার আপন বড় ভাই সাংবাদিক আনোয়ার পারভেজ তার স্ত্রী রুবিনা আক্তার ও বোন ইয়াসমিন আক্তার আহত হয়েছেন।

অভিযোগ ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রবাসী আবু সুজন দীর্ঘ ১৬ বছর পর ১৮ দিন আগে ফ্রান্স থেকে দেশে ফেরেন। এরপর থেকেই স্থানীয় কিশোর গ্যাংয়ের প্রধান হিসেবে পরিচিত জুনায়েদ, মোহন ও তার সহযোগীরা তার কাছে চাঁদা দাবি করে আসছিল বলে অভিযোগ করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত রোববার রাত আনুমানিক ২টার দিকে সংঘবদ্ধ ভাবে তারা আবু সুজনের উপর ও তার বাড়িতে হামলা চালায়।
অভিযোগে বলা হয়েছে, হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে ঘরের দরজা-জানালা ভাঙচুর করে ভেতরে প্রবেশ করে আবু সুজনকে এলোপাতাড়ি মারধর ও কুপিয়ে জখম করে। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে সাংবাদিক আনোয়ার পারভেজ, রুবিনা আক্তার ও ইয়াসমিন আক্তার সহ এক শিশুকে মারধর করে আহত করা হয়।

এ সময় হামলাকারীরা ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় বলেও অভিযোগ করা হয়েছে। আহতদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী সাংবাদিক আনোয়ার পারভেজ জানান, তার ভাই বিদেশ থেকে দেশে ফেরার পর থেকেই স্থানীয় সন্ত্রাসীরা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় পরিকল্পিত ভাবে তাদের বাড়িতে হামলা চালানো হয়। ঘটনার সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে।

এ ঘটনার পর প্রবাসী আবু সুজন ও সাংবাদিক আনোয়ার পারভেজের পরিবার চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযুক্ত জুনায়েদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তার স্বজনরাও এ বিষয়ে কথা বলতে রাজি হননি এবং তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এই বিষয়ে বেগমগঞ্জ মডেল থানায় আনোয়ার পারভেজ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর