• ঢাকা
  • শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ২ জুলাই, ২০২৬

জেলার ৪৪ কেন্দ্রে এইচএসসি পরীক্ষা শুরু, অনুপস্থিত ৪০১, বহিষ্কার ১

সিনিয়র প্রতিবেদক : সারাদেশের সঙ্গে জেলাতেও শান্তিপূর্ণ পরিবেশে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) জেলার ৯টি উপজেলায় ৪৪টি কেন্দ্রে প্রায় ২২ হাজার পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। প্রথম দিনের পরীক্ষায় ৪০১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে একটি কেন্দ্র থেকে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

পরীক্ষা উপলক্ষে জেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম এবং পুলিশ সুপার এন. এম. নাসিরুদ্দিন। পরিদর্শনকালে তারা পরীক্ষার সার্বিক পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা ও পরীক্ষা পরিচালনার কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় কেন্দ্র সচিব, দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্নের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শন শেষে তারা পরীক্ষা পরিচালনা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। জেলার প্রধান কেন্দ্রগুলোর মধ্যে নোয়াখালী সরকারি কলেজসহ সব কেন্দ্রেই নতুন নির্দেশনা অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এবার প্রথমবারের মতো কুমিল্লা শিক্ষা বোর্ডসহ দেশের সব শিক্ষা বোর্ডে পূর্ণাঙ্গ সিলেবাস ও অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্র সিসিটিভি নজরদারির আওতায় আনা হয়েছে। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করছেন।

এদিকে পরীক্ষার আগের কয়েকদিন জেলার বিভিন্ন এলাকায় ঘন ঘন লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীদের প্রস্তুতিতে কিছুটা ব্যাঘাত ঘটলেও প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। তবে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা অনতিবিলম্বে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার পাশাপাশি অন্তত এইচএসসি পরীক্ষাকালীন সময়ে লোডশেডিংমুক্ত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন।

আরও পড়ুন